banglahour

রাজধানীতে পুলিশের নাম ভাঙিয়ে গণপরিবহনে বেপরোয়া চাঁদাবাজি

অনুসন্ধান | রাজু আহমেদ, স্টাফ রিপোর্টার

(১০ মাস আগে) ১৯ জুলাই ২০২৫, শনিবার, ৬:২৮ অপরাহ্ন

ঢাকার গাবতলী থেকে যাত্রাবাড়ী রুটে চলাচলকারী গণপরিবহনের প্রতিটি বাস থেকে প্রতিদিন ৪০০ টাকা করে চাঁদা আদায় করছে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র। চক্রটি পুলিশের নাম ও রাজনৈতিক প্রভাব দেখিয়ে এই অর্থ আদায় করছে বলে অভিযোগ করেছেন পরিবহন শ্রমিকরা।

গাবতলী লিংকের বাস চালকরা জানান, এক সময় দৈনিক ৩০০–৩৫০ টাকা চাঁদা দিলেও, ৫ আগস্ট বর্তমান সরকারের পতনের পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এখন নতুন একটি চক্র প্রতিটি বাস থেকে ৪০০ টাকা হারে চাঁদা নিচ্ছে। এই চাঁদাবাজ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ‘রুবেল’ নামের এক প্রভাবশালী ব্যক্তি। তার নেতৃত্বে জসিম উদ্দীনসহ আরও ৮–১০ জন সদস্য সক্রিয়ভাবে প্রতিদিন গাবতলীর পর্বত সিনেমা হল, মাজার রোড, ব্রিজের নিচে ও বিভিন্ন পয়েন্টে চাঁদা আদায় করে বলে চালকদের অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক জানান,গাবতলী লিংকের ৬৪টি বাস থেকে প্রতিদিন প্রায় ২৫ হাজার টাকা আদায় করছে চক্রটি। শুধু এই লিংকেই মাসে প্রায় ৮ লাখ টাকা তোলে তারা। অন্যান্য রুট ধরলে কোটি টাকার হিসাব দাঁড়ায়।তিনি আরও জানান,চাঁদা না দিলে শারীরিকভাবে নির্যাতন করে। অনেক সময় গাড়ি রাস্তায় চালানোই সম্ভব হয় না। এমনকি বাসায় না খেয়ে থাকতে হয়।চাঁদাবাজরা প্রতিটি গাড়ি থেকে আরও ৫০ টাকা করে সিটি কর্পোরেশনের নামেও চাঁদা আদায় করছে বলে অভিযোগ রয়েছে। যদিও সিটি কর্পোরেশন এ ধরনের কোনও চাঁদার অনুমতি দেয়নি।সাংবাদিক পরিচয়ে যোগাযোগ করলে অভিযুক্ত জসিম উদ্দিন প্রথমে সব অস্বীকার করলেও পরে স্বীকার করেন যে,থানা পুলিশ, ট্রাফিক পুলিশ আর রাজনৈতিক নেতাদের মদদেই আমরা কাজ করি। তারা নিজেরাও ভাগ পায়। তাই সংবাদ প্রকাশ করে কিছুই হবে না।চক্রের মূলহোতা রুবেল আরও বলেন,আগে যারা তুলত, তারা পালিয়ে গেছে। এখন আমরাই দায়িত্ব নিয়েছি। গাড়ি চলাতে হলে চাঁদা দিতেই হবে। এটা সাংবাদিকদের বোঝার কথা নয়। পুলিশের সাথে এসব আমরা ম্যানেজ করি।এ বিষয়ে যোগাযোগ করা হলে গাবতলী ট্রাফিক পুলিশের টিআই মাহফুজ বলেন,আমার কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। কেউ যদি পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে থাকে, তাহলে থানা বা গোয়েন্দা বিভাগে জানালে ব্যবস্থা নেওয়া হবে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাকসুদুর রহমান বলেন,এ বিষয়টি আমি এখনই দারুসসালাম থানার ওসিকে জানাচ্ছি। তদন্তে সত্যতা পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এটি শুধু একটি সাধারণ চাঁদাবাজির ঘটনা নয়—এটি একটি সুসংগঠিত চক্রের মাধ্যমে পরিবহন খাতে মাসে কোটি কোটি টাকার চাঁদাবাজির ভয়াবহ চিত্র। এমন কার্যকলাপ যদি প্রশাসনের ছত্রছায়ায় হয়ে থাকে, তবে সেটি রাষ্ট্রীয় সুশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। চাঁদা আদায়ের নামে চালকদের কাছ থেকে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া শুধু দুর্নীতি নয়, এটি সাধারণ মানুষ, যাত্রী, চালক এবং পুরো পরিবহন ব্যবস্থার ওপর এক ভয়ংকর চাপ। সাংবাদিক, মানবাধিকার কর্মী ও নীতিনির্ধারকদের বিষয়টি নিয়ে এখনই সরব হওয়া উচিত।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল