
(১ বছর আগে) ২০ জুলাই ২০২৫, রবিবার, ৩:৩৩ অপরাহ্ন
টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে ইতিহাস গড়েছিলেন তিনি। এক ম্যাচ গোলশূন্য কাটলেও, আবারও নিজেকে প্রমাণ করলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে দলকে এনে দিলেন ৫-১ ব্যবধানের দাপুটে এক জয়।
স্থানীয় সময় রোববার (২০ জুলাই) স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ইন্টার মায়ামির হয়ে আরও দুটি গোল করেন তেলাস্কো সেগোভিয়া এবং একটি গোল করেন জর্ডি আলবা।
ম্যাচের সারসংক্ষেপ:
ম্যাচের শুরুটা অবশ্য মায়ামির জন্য শুভ ছিল না। মাত্র ১৪তম মিনিটেই স্বাগতিক নিউইয়র্ক রেড বুলসকে এগিয়ে দেন হ্যাক। তবে ২৪তম মিনিটেই মেসির নিখুঁত পাস থেকে জর্ডি আলবা গোল করে দলকে সমতায় ফেরান।
এরপরই ম্যাচে রং জমিয়ে তোলেন তেলাস্কো সেগোভিয়া। ২৭তম মিনিটে দলের দ্বিতীয় এবং অতিরিক্ত সময়ে তৃতীয় গোলটি করে প্রথমার্ধে ৩-১ গোলের লিড এনে দেন এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে মেসি যেন আলাদা এক শো উপহার দেন। ৬০তম মিনিটে বুসকেটসের লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে কাটিয়ে দারুণ দক্ষতায় করেন নিজের প্রথম গোল। এরপর ৭৫তম মিনিটে লুইস সুয়ারেজের বাড়ানো বল বুক দিয়ে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে ম্যাচে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন মেসি।
এই জয়ে ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। অন্যদিকে ২৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে রেড বুলস অবস্থান করছে ১৫তম স্থানে।
ফর্মের তুঙ্গে থাকা ৩৮ বছর বয়সী লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন—বয়স কেবলমাত্র একটি সংখ্যা। গোল, অ্যাসিস্ট আর দুর্দান্ত উপস্থিতি দিয়ে এখনো তিনি ফুটবল দুনিয়ায় রাজত্ব করছেন আগের মতোই।