banglahour

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে ছাড় দেবে না বিএনপি — আজিজুল বারী হেলাল

রাজনীতি | ব্যুরো প্রধান, খুলনা

(১ বছর আগে) ২০ জুলাই ২০২৫, রবিবার, ১০:৪০ অপরাহ্ন

বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ কর্মসূচি চলছে। দেশের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এই কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একইসাথে তিনি বলেন, নির্বাচন নিয়ে পরিকল্পনাহীন তামাশা করলে বিএনপি তা কোনোভাবেই মেনে নেবে না।

রবিবার (২০ জুলাই) সকালে রূপসা উপজেলার রহিমনগর এলাকায় খুলনা জেলা কৃষকদলের আয়োজনে 'গণঅভ্যুত্থানে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা: সবুজ পল্লবে স্মৃতি অম্লান'—এই স্লোগানে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আজিজুল বারী হেলাল আরও বলেন, নদীভাঙনের কবলে পড়ে মানুষ সর্বস্ব হারাচ্ছে। তাই নদীভাঙন রোধে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি স্থানীয় জনগণকে বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার পরামর্শ দেন এবং সেই আবেদন দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

তিনি বলেন, “চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের আইনের হাতে তুলে দিতে হবে। বিএনপি জনগণের সেবক হতে চায়।”

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি নেতৃবৃন্দ বলেন, গোপালগঞ্জে সম্প্রতি যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তা গণঅভ্যুত্থানের চেতনায় আঘাত করেছে—এটি বিএনপি কখনোই সমর্থন করে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা কৃষকদলের আহ্বায়ক মোল্যা কবীর হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ শেখ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপস্থিত নেতাকর্মীদের মাঝে চারা বিতরণ করেন এবং রূপসার রহিমনগর এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল