
(৩ বছর আগে) ৪ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ৩:৩৯ অপরাহ্ন
ফাইল ফটো।
বাগেরহাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি বলেছেন, বাংলাদেশ- ভারতের সম্পর্ক মহান মুক্তিযুদ্ধে সময়ে রক্ত দিয়ে তৈরি। ৫০ বছর ধরে এ সম্পর্ক বিদ্যমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে এ সম্পর্ক অন্যরকম উচ্চতায় চলে গেছে।
প্রতিমন্ত্রী আজ শনিবার (৪ফেব্রুয়ারী) মোংলা বন্দরে ভারতীয় ক্রুজ ভেসেল ‘এমভি গঙ্গা বিলাস’ এর আগমন উপলক্ষ্যে পর্যটকদের অভ্যর্থনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন। করোনা মহামরীর সময়েও তিনি বাংলাদেশে এসেছেন। বাংলাদেশ ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে ভাল সম্পর্ক রয়েছে। গঙ্গা বিলাসের এ সফরের মধ্য দিয়ে তা পশ্চিমা দেশে পৌঁছে গেছে। তাদের মাধ্যমে সমগ্র পৃথিবীতে চলে গেছে। সর্বক্ষেত্রে অন্যরকম উচ্চতায় চলে গেছে। গঙ্গা বিলাস জাহাজটি যখন বাংলাদেশের সীমানা ছাড়িয়ে যাবে তখন বাংলাদেশ-ভারত বন্ধুত্বকে ছড়িয়ে দিয়ে আরো রঙিন করে দিয়ে যাবে।
মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, সুইজারল্যান্ডের পর্যটক হ্যান্স কাফম্যান (hans koufmann) বক্তব্য রাখেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল,বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভারতের পর্যটকবাহী নৌযান ‘এম ভি গঙ্গা বিলাস’ গতকাল ৩ ফেব্রুয়ারি বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করে। ‘গঙ্গা বিলাস’ এর পর্যটকদের বাংলাদেশের খুলনা জেলার কয়রা উপজেলার আংটিহারায় অনবোর্ড ইমিগ্রেশন করা হয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি ‘গঙ্গা বিলাস’ বাংলাদেশের সীমানা অতিক্রম করবে।
‘এমভি গঙ্গা বিলাস‘ বাংলাদেশে আগমন উপলক্ষ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বাংলাদেশের জলসীমায় সার্বিক সহযোগিতা প্রদান করবে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ি প্রটোকল রুটের নাব্যতা রক্ষা, বার্দিং সুবিধা নিশ্চিতকরণ ও নৌপথ ব্যবহারের জন্য ভয়েজ পারমিশন প্রদান এবং ভয়েজ পারমিশনের সার্বিক মনিটরিংয়ের দায়িত্বে থাকবে বিআইডব্লিউটিএ।