banglahour

আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিন, না হলে দায় এড়াতে পারবে না সরকার: সিলেটে আরিফুল হক চৌধুরী

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(১ বছর আগে) ২১ জুলাই ২০২৫, সোমবার, ৬:৫১ অপরাহ্ন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বিএনপি ও জিয়া পরিবারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল অপপ্রচার ও গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই অপশক্তি সুষ্ঠু নির্বাচন চায় না, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হোক তাও তারা চায় না।তিনি অবিলম্বে নির্বাচনকালীন প্রাসঙ্গিক সংস্কার ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় বর্তমান অন্তর্বর্তী সরকার এড়াতে পারবে না বলেও সতর্ক করেন তিনি।সোমবার (১৪ জুলাই) সিলেট নগরীর কোর্ট পয়েন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের’ প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। সভার অন্যান্য বক্তারা যা বললেন: প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, দেশের মানুষ গত ১৭ বছর ভোট দিতে পারেনি। দিনে ভোট, রাতে গণনা একজনের ভোট আরেকজন দিয়েছে। এমনকি মৃতরাও ভোট দিয়েছে! জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা এবং গণতন্ত্র ভেঙে ফেলা হয়েছে। তাই তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৫ বছরের সংগ্রামে আজও যে লক্ষ্য—ভোটাধিকার—তা বাস্তবায়ন হয়নি।

তিনি বলেন, দেশ যখন নির্বাচনের পথে, তখনই ষড়যন্ত্রকারীরা তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা চায় না জনগণের সরকার আসুক, তারা চায় বিকল্প পথে ক্ষমতা কুক্ষিগত করতে। কিন্তু জনগণ বিএনপির নেতৃত্বের প্রতি আস্থাশীল। তাদের ষড়যন্ত্র সফল হবে না ইনশাআল্লাহ।বিশেষ অতিথি সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী বলেন, গণঅভ্যুত্থানে পরাজিত চক্র ও তাদের দোসররা এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চায়। নির্বাচন যত দেরি হবে, বিশৃঙ্খলা তত বাড়বে।সভাপতির বক্তব্যে, সিলেট জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী বলেন, ভোটাধিকার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য মানুষ রক্ত দিয়েছে। তাই দেরি না করে দ্রুত সংস্কার ও বিচারকার্য সম্পন্ন করে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে, অন্যথায় দেশে স্থিতিশীলতা রক্ষা কঠিন হয়ে পড়বে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল