banglahour

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান মঙ্গলবার খুলনায় আসছেন

রাজনীতি | ব্যুরো প্রধান, খুলনা

(১ বছর আগে) ২১ জুলাই ২০২৫, সোমবার, ৮:২৬ অপরাহ্ন

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত দাকোপ উপজেলা জামায়াত আমীর মাওলানা আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়াতে খুলনায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা হয়ে সকাল সাড়ে ৯টায় খুলনার দাকোপ উপজেলার চালনায় বিএম গ্যাস কোম্পানির হেলিপ্যাডে অবতরণ করবেন তিনি। এরপর শহীদ মাওলানা আবু সাঈদের পরিবারের সাথে সাক্ষাৎ এবং চালনা সরকারি পৌর কবরস্থানে তার কবর জিয়ারত করবেন।

পরে তিনি চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসা মাঠে একটি পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। সেখানে উপস্থিত থাকবেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, বাগেরহাট ও সাতক্ষীরার শীর্ষস্থানীয় নেতারা।

পথসভা শেষে বেলা ১১টায় হেলিকপ্টারে পাবনার ঈশ্বরদীতে শহীদ মোস্তাফিজুর রহমান কলমের বাড়ির উদ্দেশ্যে দাকোপ ত্যাগ করবেন আমীরে জামায়াত।

উল্লেখ্য, গত ১৯ জুলাই রাত পৌণে ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় মাওলানা আবু সাঈদ (৫২) শহীদ হন। এ ঘটনায় জামায়াত কর্মী মো. আনিসুর রহমান ও মো. ইকবাল হোসেন গুরুতর আহত হন। বর্তমানে তারা চালনা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত রয়েছেন।

জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম জানান, আমীরে জামায়াতের এ সফরের মাধ্যমে শহীদ নেতার পরিবারের পাশে দাঁড়ানো ও নেতাকর্মীদের মনোবল দৃঢ় করাই প্রধান উদ্দেশ্য।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল