banglahour

খুলনা-মোরেলগঞ্জ ও শরণখোলা রুটে পর্যাপ্ত বাস সার্ভিস চালুর দাবি জানিয়ে মানববন্ধন

সারাদেশ | ব্যুরো প্রধান, খুলনা

(১ বছর আগে) ২১ জুলাই ২০২৫, সোমবার, ৮:৩১ অপরাহ্ন

খুলনা-মোরেলগঞ্জ ও শরণখোলা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় জনভোগান্তি চরমে উঠেছে। এ অবস্থার দ্রুত সমাধান ও পর্যাপ্ত বাস সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন করেছেন খুলনায় অবস্থানরত মোরেলগঞ্জ ও শরণখোলাবাসী।

সোমবার (২১ জুলাই) বিকেলে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

সাবেক ছাত্রনেতা তানভীর আহমেদের পরিচালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।

এ সময় বক্তব্য রাখেন হ্যানে রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম, এনসিপি খুলনার প্রধান সংগঠক আহম্মদ হামীম রাহাত, স্বেচ্ছাসেবী সংগঠন প্রাণডোরের সভাপতি নাসিব আহসান রুমি এবং সাংবাদিক সাইফুল ইসলাম।

বক্তারা জানান, গত ৫ আগস্টের পর খুলনা-মোরেলগঞ্জ ও শরণখোলা রুটে একাধিক পরিবহন হঠাৎ বন্ধ করে দেয় মালিক সমিতি। স্থানীয় পরিবহন মালিকদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই গুরুত্বপূর্ণ রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং চিকিৎসাসেবার জন্য খুলনায় আসা রোগীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান বক্তারা।

তারা অবিলম্বে এই রুটে নিয়মিত ও পর্যাপ্ত বাস চালু করার দাবি জানান এবং মালিক সমিতির নেতৃবৃন্দের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মিজানুর রহমান, হাসিবুর রহমান, ইমরান হোসেন, আব্দুল কাইয়ুম, মুজাহিদুল ইসলাম, মাজহারুল ইসলাম, জাকারিয়া হোসেনসহ খুলনায় অবস্থানরত মোরেলগঞ্জ ও শরণখোলার শতাধিক বাসিন্দা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল