banglahour

কুলিয়ারচরে গৃহবধূর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

অপরাধ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(১ বছর আগে) ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২:৪১ অপরাহ্ন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী টিএনটি পাড়া সংলগ্ন রেললাইন থেকে সিমা বেগম (২২) নামের এক গৃহবধূর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) সকালে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত সিমা বেগম টিএনটি এলাকার বাসিন্দা শাহিন মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি কুলিয়ারচরের সালুয়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামে। নিহতের স্বজনদের বরাতে জানা যায়, প্রায় সাড়ে তিন বছর আগে পারিবারিকভাবে সিমার সঙ্গে শাহিনের বিয়ে হয়। তাদের সংসারে এক বছরের একটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার কলহ চলে আসছিল।

স্বজনরা জানান, এক সপ্তাহ বাবার বাড়িতে থাকার পর সোমবার সিমা শ্বশুরবাড়ি ফেরত আসেন। তবে সে আসতে চাননি, স্বামী তাকে জোরপূর্বক এনেছেন বলে দাবি পরিবারের। তাদের অভিযোগ, সিমাকে হত্যা করে তার মরদেহ রেললাইনের ওপর ফেলে রাখা হয়েছে, যাতে এটি আত্মহত্যা হিসেবে প্রচার করা যায় এবং হত্যাকারীরা আইনের হাত থেকে বাঁচতে পারে।

এদিকে ঘটনার পর থেকেই নিহতের স্বামী শাহিন, শ্বশুর ও শাশুড়ি ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন, সিমা ও তার স্বামীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদ আহমেদ (পিপিএম) বলেন, মঙ্গলবার সকালে ছয়সূতী টিএনটি এলাকার রেললাইনের ওপর থেকে সিমা বেগম নামের এক গৃহবধূর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা, না-কি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের প্রতি এলাকাবাসীর দাবি, ঘটনাটি যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উন্মোচন করে দায়ীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল