
(১ বছর আগে) ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৩:৫৫ অপরাহ্ন
পঞ্চগড় শহরের শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের নিরাপত্তা প্রহরীর কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার (২১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে ২৪ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়। এ সময় জাহিদুল ইসলাম বাবু (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হলেও নিরাপত্তা প্রহরী আইয়ুব আলী পালিয়ে যান। আটক জাহিদুলের বাড়ি শহরের কায়েতপাড়া এলাকায়।
পরবর্তীতে জাহিদুলের দেয়া তথ্য অনুযায়ী, পৌর খালপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে প্যাথারিন ইনজেকশন জাতীয় মাদক ৪৯ পিস, ২৩টি বাটন মোবাইল ফোন, ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল, ও নগদ ৪ হাজার টাকা জব্দ করা হয়।
পরে জাহিদুলকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। এ ঘটনায় রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। মামলায় আটক জাহিদুল, নিরাপত্তা প্রহরী আইয়ুব আলীসহ তিনজনকে আসামি করা হয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, “আটক জাহিদুলকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক জানান, “জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সেনাবাহিনী নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।