
(১ বছর আগে) ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৪:০১ অপরাহ্ন
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান বলেছেন, চট্টগ্রাম বন্দরের তুলনায় মোংলা বন্দর অনেক কম ব্যবহৃত হচ্ছে, অথচ এখানে প্রচুর সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, মোংলা বন্দরে গাড়ি ও অন্যান্য পণ্যের আমদানি বাড়ানো গেলে চট্টগ্রাম বন্দরের চাপ কমবে, যানজট কমবে এবং ব্যবসায়ীদের সময় ও ব্যয় সাশ্রয় হবে।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে মোংলা কাস্টমস হাউসের সুন্দরবন সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে রাজস্ব সংক্রান্ত বৈঠক এবং সিএন্ডএফ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে মোংলা বন্দরের জেটি এলাকা পরিদর্শন করেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, মোংলার সক্ষমতা কতটুকু, সুবিধা-অসুবিধা কী আছে, তা সরেজমিন দেখতে এসেছি। গাড়ি ব্যবসায়ীদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে, ভবিষ্যতেও হবে—যাতে অধিক সংখ্যক গাড়ি আমদানি মোংলা বন্দর দিয়ে হয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুহাম্মদ মুবিনুল কবীর, সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) মোঃ মোয়াজ্জেম হোসেন, মোংলা কাস্টমস হাউসের কমিশনার মু. সফিউজ্জামান, এনবিআর চেয়ারম্যানের একান্ত সচিব আতাউল গনি ওসমানী এবং জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ।
মোংলা কাস্টমস হাউসের কমিশনার মু. সফিউজ্জামান বলেন, চট্টগ্রামের তুলনায় মোংলায় মালামাল দ্রুত খালাস হয়, ডেমারেজ কম। তাই গাড়ি আমদানিতে মোংলা বন্দর ব্যবহারে এনবিআর ইতোমধ্যেই উদ্যোগ নিয়েছে।" তিনি আশা প্রকাশ করেন, এনবিআর চেয়ারম্যানের এই সফর মোংলা বন্দর ব্যবহারে ইতিবাচক পরিবর্তন আনবে।