
(১ বছর আগে) ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১০:১৫ অপরাহ্ন
ঢাকার ধামরাইয়ে একটি লেবু বাগানের পাশ থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ সময় এরশাদ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত এরশাদ উপজেলার কুশুরা ইউনিয়নের কান্টাহাটি এলাকার ইমান আলীর ছেলে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে কুশুরা ইউনিয়নের কান্টাহাটি এলাকায় এই অভিযান চালানো হয়। ধামরাই থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—এরশাদ গোপনে তার লেবু বাগানের পাশে গাঁজা চাষ করছেন। তথ্যের ভিত্তিতে কুশুরা বিট অফিসার এসআই জিয়াউর রহমান অভিযান পরিচালনা করেন।
এ সময় লেবু বাগানের ভেতরে দুটো পুরনো গাঁজা গাছ পাওয়া যায়, যা তাৎক্ষণিকভাবে উপড়ে ফেলে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযানের সময় এরশাদের বাড়িতে শুঁকনো গাঁজাও উদ্ধার করা হয়। পরে থানার ওসি মো. মনিরুল ইসলাম নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এরশাদকে গ্রেপ্তার করেন।
ওসি মনিরুল ইসলাম বলেন, ধামরাইয়ে মাদক নির্মূলে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে গাঁজা চাষের অভিযোগে এরশাদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। স্থানীয়দের অভিযোগ, কিছুদিন ধরেই এরশাদের গতিবিধি সন্দেহজনক ছিল। তবে প্রকাশ্যে কেউ কিছু বলতে সাহস পাননি। পুলিশি অভিযানের পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।ধৃত এরশাদকে আজ রাতেই আদালতে সোপর্দ করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।