banglahour

রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

খেলা | স্পোর্টস ডেস্ক।

(১ বছর আগে) ২৩ জুলাই ২০২৫, বুধবার, ১১:৩৩ পূর্বাহ্ন

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোমাঞ্চে ভরপুর এক লড়াইয়ে শক্তিশালী পাকিস্তানকে ৮ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এই সংস্করণে পাকিস্তানের বিপক্ষে এটিই টাইগারদের প্রথম সিরিজ জয়—যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক।

মঙ্গলবার (২২ জুলাই) সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। মাত্র ১৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। তবে একপ্রান্ত আগলে রেখে জাকের আলীর ঝড়ো ব্যাটিং কিছুটা স্বস্তি এনে দেয়। ৫৫ রানের দুর্দান্ত ইনিংসে তিনি হাঁকান ৫টি ছক্কা ও ১টি চার। তাঁর ইনিংসের কল্যাণেই ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ১৩৩ রান।

জবাবে ব্যাটিংয়ে নেমেও পাকিস্তান শুরুতেই ধাক্কা খায়। পারভেজ ইমনের দারুণ ফিল্ডিংয়ে প্রথম উইকেট হারানোর পর শরিফুল ইসলামের সুইং ও তানজিম সাকিবের বাউন্সারে ছিন্নভিন্ন হয়ে পড়ে পাকিস্তানের টপ অর্ডার। মাত্র ১৫ রানেই তারা হারিয়ে ফেলে ৫টি উইকেট।

শেষদিকে ফাহিম আশরাফ কিছুটা লড়াই চালান। ৩২ বলে ৫১ রানের একটি ঝড়ো ইনিংস খেলেও ম্যাচ জেতাতে পারেননি তিনি। শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের দ্বিতীয় বলে আহমেদ দানিয়েল ক্যাচ দিয়ে ফিরলে ম্যাচের পর্দা নামে। ক্যাচটি নিখুঁতভাবে তালুবন্দি করেন শামীম হোসেন।

শেষ পর্যন্ত ১২৫ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। ৮ রানের জয় নিশ্চিত করে বাংলাদেশ, যা এনে দেয় পাকিস্তানের বিপক্ষে বহু কাঙ্ক্ষিত প্রথম সিরিজ জয় এবং রচিত হয় নতুন ইতিহাস।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল