banglahour

রাজধানীর পাশেই তিন লাখ মানুষের চলাচলে ভরসা এখনো বৈঠাচালিত নৌকা

অনুসন্ধান | রাজু আহমেদ, স্টাফ রিপোর্টার

(১০ মাস আগে) ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১১:১৭ পূর্বাহ্ন

রাজধানী ঢাকার একেবারে লাগোয়া, তুরাগ নদীবেষ্টিত একটি জনপদ—সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন। এটি ঢাকা-১৪ আসনের অন্তর্ভুক্ত হলেও স্বাধীনতার পর থেকে এখনো মূলধারার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত প্রায় তিন লক্ষাধিক মানুষ। এই জনপদের সঙ্গে রাজধানীসহ আশপাশের এলাকার একমাত্র যোগাযোগ মাধ্যম এখনো বৈঠাচালিত নৌকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিয়াবাড়ি ঘাটসহ প্রায় ১৬টি খেয়াঘাট প্রতিদিন হাজার হাজার মানুষ ও পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয়। এই নৌপথই কাউন্দিয়ার একমাত্র জীবনরেখা।

সেতুর স্বপ্ন, বাস্তবতা এখনো অধরা
সরেজমিনে দেখা যায়, দিয়াবাড়ি ঘাটে দাঁড়ালে মনে হয় যেন সীমান্ত রেখা। নদীর এক পাড়ে ঢাকা, আরেক পাড়ে কাউন্দিয়া। মাঝখানে মাত্র শত গজ প্রশস্ত তুরাগ নদ। অথচ এই নদী পারাপারে নেই কোনো সেতু। ফলে মানুষজনের যাতায়াত, পণ্য পরিবহন, চিকিৎসা সেবা ও শিক্ষা গ্রহণের জন্য প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বাসিন্দাদের কণ্ঠে ক্ষোভ ও হতাশা
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, আমরা প্রতিদিন মিরপুর যাই, কেউ চাকরি করে, কেউ ব্যবসা। কিন্তু যানবাহনের কোনো ব্যবস্থা নেই—নৌকা ছাড়া কোনো উপায় নেই।

একই অভিযোগ করেন মোহাম্মদ রিপন। তিনি বলেন, "প্রতিদিন দিয়াবাড়ি ঘাট দিয়ে মিরপুর হয়ে রাজধানীতে চলাফেরা করি। অথচ আমাদের ইউনিয়নটা সাভারের অংশ হলেও কাজের সুবিধার্থে আমাদের রাজধানীতেই যেতে হয়।

গার্মেন্টসকর্মী ইয়াসমিন আক্তার বলেন, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় যাই অফিসে। বৃষ্টি, জোয়ার বা রাতে সমস্যা হলে খুব কষ্ট হয়।

স্থানীয় দোকানি জানান, পণ্য আনা-নেওয়ায় খরচ বেশি পড়ে, ফলে দামও বেশি রাখতে হয়। এতে করে ভোক্তার সঙ্গে বাকবিতণ্ডাও হয় মাঝে মাঝে।

চিকিৎসা ও শিক্ষার অভাব চরমে
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, তিন লাখ মানুষের জন্য কোনো হাসপাতাল নেই। রোগী নিয়ে ঢাকা যেতে হয় নৌকায়, অনেক সময় দেরিতে পৌঁছায়, কেউ কেউ পথেই মারা যায়।"

আল ইসলাম নামে এক ব্যক্তি জানান, এক প্রসূতি মা নৌকাতেই সন্তান প্রসব করেছেন। বর্ষায় অবস্থা আরও খারাপ হয়।

শিক্ষার ক্ষেত্রেও একই চিত্র। এলাকায় উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান নেই। ছাত্রছাত্রীদের প্রতিদিন নৌকায় করে মিরপুর ও ঢাকায় যেতে হয়।

সেতু নির্মাণের শুরু, আবার থেমে যাওয়া
এস এম আর শহীদ বলেন, একসময় সেতু নির্মাণের অনুমোদন হয়, ভিত্তিপ্রস্তরও হয়, কিন্তু কিছুদিন পরেই বন্ধ হয়ে যায়। আমাদের স্বপ্ন থেমে যায়।

হাজী মনির বলেন, আমার দাদার স্বপ্ন ছিল সেতু। বাবারও। এখন আমারও। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। সেতুর কাজ হঠাৎ বন্ধ হয়ে যায়। আমরা হতাশ।

একটি সেতুই হতে পারে জনদুর্ভোগের অবসান
কাউন্দিয়ার তিন লাখ মানুষের প্রাণের দাবি—একটি সেতু। যা হলে যোগাযোগ সহজ হবে, সময় বাঁচবে, দুর্ঘটনা কমবে, জীবনযাত্রার মান উন্নত হবে।

অঞ্চলবাসীর প্রশ্ন—রাজধানীর এত কাছে থেকেও কেন এখনো এমন অবহেলা? সেতুর কাজ কেন থেমে গেল? কে দায়ী এসব প্রশ্নের উত্তর তারা আজও খুঁজে ফিরছেন।

তাদের অনুরোধ, দাবি নয়—মানবিক কর্তব্য হিসেবে কাউন্দিয়ার তিন লাখ মানুষের শত বছরের জনদুর্ভোগ লাঘবে একটি সেতু দ্রুত নির্মাণ করা হোক।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল