
(১০ মাস আগে) ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ২:৫৩ অপরাহ্ন
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী গোয়ালপাড়া গ্রামে একটি ইটভাটার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল (ইউএসএ), ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল পৌনে ৬টার দিকে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপি'র একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান দুপুর সোয়া ১২টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,
সীমান্ত পিলার ৬৪/৪-এস হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের একটি ইটভাটার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত চলছে বলেও জানানো হয়েছে।