banglahour

টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান

রাজনীতি | আতিফ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি

(১ বছর আগে) ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৭:১৩ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণঅধিকার পরিষদ প্রথম ধাপে ৩৬টি আসনে প্রার্থীতার ঘোষণা দিয়েছে। এসব আসনে দলটির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন ট্রাক প্রতীকে।

ঘোষিত প্রার্থী তালিকায় টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির উচ্চতর পরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর মতিঝিলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীতার এই ঘোষণা দেওয়া হয়।

গোপালপুর উপজেলার হেমনগর এলাকার সন্তান শাকিল উজ্জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হিসেবে তার সাহসী নেতৃত্ব জাতীয় পর্যায়ে প্রশংসিত হয়।

নিজ এলাকার জন্য দলীয় মনোনয়ন পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে শাকিল বলেন—গোপালপুর-ভূঞাপুর শুধু দুটি উপজেলার নাম নয়, এটি আমার অস্তিত্বের ঠিকানা। এই মাটিতেই আমার জন্ম, বেড়ে ওঠা। এখানকার মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন—স্বৈরাচারী সরকারের সময়ে আমি গুম, নির্যাতন ও কারাভোগের শিকার হয়েছিলাম। তখন এই অঞ্চলের মানুষ আমার মুক্তির দাবিতে যেভাবে রাজপথে নেমে এসেছিল, সে ঋণ কোনো দিন শোধ করা সম্ভব নয়।

গণঅধিকার পরিষদকে তরুণদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন—যখন অনেক রাজনৈতিক দল নীরব ছিল, তখন আমরাই আন্দোলনের মশাল হাতে তুলে নিয়েছিলাম। ভয়কে জয় করে আমরা রাজপথে মানুষের অধিকারের পক্ষে সোচ্চার থেকেছি।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সূত্র জানিয়েছে, ধাপে ধাপে দেশের সব আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তরুণ নেতৃত্ব ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের অংশগ্রহণে তরুণ ভোটারদের মধ্যে আগ্রহ ও উদ্দীপনা বাড়বে বলেও প্রত্যাশা করছে দলটি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল