
(১ বছর আগে) ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১০:২০ অপরাহ্ন
বিদেশী প্রেসক্রিপশন বাস্তবায়নকারী তাবেদার ও চাঁদাবাজ দখলদারদের এই দেশের মাটিতে আর স্থান নেই মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আমরা অতীতে দেখেছি—এদেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে, দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানানো হয়েছে। পাড়ায় পাড়ায় গড়ে উঠেছে ‘বেগম পাড়া’। আজ জনগণ ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসান ঘটিয়েছে, নতুন করে আর কোনো ফ্যাসিবাদকে জন্ম নিতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৫টায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কাপুড়িয়া পট্টি এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “দেশকে রক্ষা করতে হলে এখনই প্রয়োজন রাষ্ট্রব্যবস্থার সংস্কার। এজন্য প্রয়োজন সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। দেশের ইসলাম ও স্বাধীনতার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা এইচ এম সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল মাওলানা আব্দুল মজিদ, জামায়াতে ইসলামীর বাগেরহাট-৪ আসনের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম।
এছাড়া আরও বক্তব্য রাখেন—জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, সেক্রেটারি হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা মোহাম্মদ ইউসুফ ইকবাল, বাগেরহাট-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ওমর ফারুক বিন নূরী, নেতা মাষ্টার রুহুল আমীন সরদার এবং উপজেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আসাদুল্লাহ।
সমাবেশে প্রধান অতিথি পীর সাহেব চরমোনাই আরও বলেন, শান্তি, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার একমাত্র পথ হলো ইসলামী শাসন ব্যবস্থা। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাই।