banglahour

রাতের আঁধারে নয়, দিনের আলোয় হবে নির্বাচন

জাতীয় | ব্যুরো প্রধান, খুলনা।

(১ বছর আগে) ২৬ জুলাই ২০২৫, শনিবার, ১:৩৫ অপরাহ্ন

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে জনগণের আস্থা পুনরুদ্ধার এবং ভোটারদের কেন্দ্রে ফিরিয়ে আনাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন।

আজ বৃহস্পতিবার সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, “ভোটারদের আস্থা ফেরানো এবং তাদের কেন্দ্রে নিয়ে আসাই এখন সবচেয়ে বড় কাজ। তবে নতুন হুমকি হিসেবে সোশ্যাল মিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার আমাদের জন্য মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় নানা অপতথ্য ও গুজব ছড়িয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে।

তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন, আমরা দিনের আলোয় নির্বাচন চাই। যতদিন আমি দায়িত্বে আছি, রাতের আঁধারে আর কোনো নির্বাচন হবে না, ইনশাআল্লাহ।

সিইসি জানান, নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কাজ করছে, যেখানে কোনো দলীয় প্রভাব নেই। তিনি বলেন, এটি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা প্রধান উপদেষ্টার তরফ থেকে এসেছে, এটি নির্বাচনের নির্ধারিত তারিখ নয়।

সভায় খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের, জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজী বেনজির আহমেদসহ অন্যান্য সিনিয়র ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বিকেলে খুলনা সার্কিট হাউজে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও মতবিনিময় করবেন বলে জানা গেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল