
(১ বছর আগে) ২৭ জুলাই ২০২৫, রবিবার, ৫:৪০ অপরাহ্ন
বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং উড়োজাহাজ কিনতে যাচ্ছে। পাশাপাশি দুই দেশের মধ্যকার বাণিজ্য ভারসাম্যহীনতা কমাতে পাল্টা শুল্ক এবং আমদানি-রপ্তানি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করতে এ সপ্তাহেই ওয়াশিংটনে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বড় ধরনের বাণিজ্য ঘাটতি রয়েছে। সেই ঘাটতি কমাতে একাধিক পণ্য আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বোয়িং উড়োজাহাজ, তুলা, সয়াবিন ও গম।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ রপ্তানি বাজার। তবে আমরা যেসব পণ্য রপ্তানি করি, তার তুলনায় আমদানি খুবই সীমিত। তাই আমরা বৈষম্য কমাতে কার্যকর পদক্ষেপ নিচ্ছি।
জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর শক্তিশালী করতে নতুন বোয়িং উড়োজাহাজ কেনা হচ্ছে। এসব উড়োজাহাজ পর্যায়ক্রমে বাংলাদেশে এসে যুক্ত হবে। পাশাপাশি, আন্তর্জাতিক ভোগ্যপণ্যের বাজারে বাংলাদেশের চাহিদা পূরণে কৃষিজ পণ্য আমদানির দিকেও নজর দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বার্ষিক বাণিজ্য প্রায় ১৪ বিলিয়ন ডলারের মতো হলেও রপ্তানির তুলনায় আমদানি অনেক কম, যার ফলে দুই দেশের মধ্যে বড় ধরনের বাণিজ্য ঘাটতি রয়েছে। এই প্রেক্ষাপটে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য বৈঠকে শুল্ক, বাজার প্রবেশাধিকার, বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।