
(১ বছর আগে) ২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:১১ অপরাহ্ন
একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমেই দেশের সকল রাজনৈতিক ও সামাজিক সংকটের সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ ইতিবাচক অগ্রগতি তৈরি করেছে। আগামী চার-পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় খুলনার সুন্দরবন কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের গ্রাফিতি কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির মাসব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ গ্রাফিতি কর্মসূচি পালিত হচ্ছে।অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন,গ্রাফিতি হলো প্রতিবাদের ভাষা। একসময় যখন কথা বলার সুযোগ ছিল না, তখন আমাদের কর্মীরা দেয়াল লিখনের মাধ্যমে জনগণের মনের কথা প্রকাশ করতেন। আজও এই চিত্রকর্ম জনগণকে ঐক্যবদ্ধ করতে কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা
সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন
সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু,
ছাত্রদল নেতা তাজিম বিশ্বাস, শাকিল আহমেদ, মিজানুর রহমান মৃদুল, নাসিম রহমান নাহিদ,
নেত্রী মানসুরা রহমান অর্পাসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
গ্রাফিতি কর্মসূচির প্রথম দিন সুন্দরবন কলেজ ছাড়াও আজম খান কমার্স কলেজ, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি মহাসিন কলেজ এবং বি এল বিশ্ববিদ্যালয় কলেজে কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী ৩৬ দিনব্যাপী কর্মসূচি চলছে। খুলনায় এর অংশ হিসেবে আলোচনা সভা, রক্তদান, পথনাটক এবং গ্রাফিতি অঙ্কনসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দলটির দাবি, এসব কর্মসূচির মূল লক্ষ্য গত ১৬ বছরের স্বৈরাচারবিরোধী সংগ্রামের ইতিহাসকে স্মরণ করা এবং জনগণকে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা।