
(১ বছর আগে) ২৮ জুলাই ২০২৫, সোমবার, ৭:৫৯ অপরাহ্ন
পিরোজপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়ালের স্ত্রী লায়লা পারভীনকে জাল সনদে কলেজে প্রভাষক পদে নিয়োগ দেওয়ার মামলায় কলেজের অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৮ জুলাই) দুপুরে জামিন আবেদন নিয়ে পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমানের আদালতে হাজির হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
দুদকের পিরোজপুর কার্যালয়ের উপসহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন সম্রাট এ মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, লায়লা পারভীন নাজিরপুর উপজেলার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মহিলা কলেজে ভূয়া শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যবহার করে ২০১৩ সালের ২২ ডিসেম্বর ইসলাম শিক্ষা বিষয়ে প্রভাষক পদে নিয়োগ লাভ করেন। কলেজটির গভর্নিং বডির সভাপতি ছিলেন তার স্বামী একেএমএ আউয়াল এবং লায়লা পারভীন ছিলেন দাতা সদস্য। তাদের প্রভাব কাজে লাগিয়ে অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদারের সহযোগিতায় তিনি ওই চাকরি পান।
দুদকের অভিযোগে আরও বলা হয়, লায়লা পারভীন এমপিওভুক্ত না হওয়া সত্ত্বেও ২০১৮ সালের ৮ আগস্ট থেকে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত নাজিরপুর সোনালী ব্যাংক শাখা থেকে ৩ লাখ ৯৫ হাজার ৪০৬ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
এই ঘটনায় সাবেক এমপি আউয়াল, তার স্ত্রী লায়লা পারভীন এবং কলেজ অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করে দুদক। মামলার পর থেকে আউয়াল ও লায়লা পারভীন পলাতক রয়েছেন।
অন্যদিকে অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদার উচ্চ আদালত থেকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন পান। জামিনের মেয়াদ শেষে শর্ত অনুযায়ী তিনি সোমবার পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।