
(১ বছর আগে) ২৮ জুলাই ২০২৫, সোমবার, ৯:০০ অপরাহ্ন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আগস্ট মাস থেকেই পুলিশের ধাপে ধাপে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ আগস্ট থেকে শুরু হবে এবং তা চলবে নির্বাচন পর্যন্ত। নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখতেই এই প্রশিক্ষণ আয়োজন করা হচ্ছে।
এসপি-ওসি বদলির প্রসঙ্গে তিনি বলেন, এসপি-ওসি বদলি একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। এটি হলে আপনারা জানতে পারবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চাঁদাবাজি প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদাবাজ যত বড়ই হোক, যে দলেরই হোক, কোনো ছাড় নেই। গুলশানের চাঁদাবাজির ঘটনায় কোনো ছাড় দেওয়া হয়নি সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও কেউ ছাড় পাবে না।
মাদকবিরোধী অভিযানের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক বহনকারীরা ধরা পড়ছে ঠিকই, কিন্তু মূল হোতা বা গডফাদাররা এখনো আড়ালে। তাদের বিরুদ্ধেও শিগগিরই কঠোর অভিযান শুরু হবে।
তিনি বলেন, সরকার নির্বাচনের আগে সার্বিক নিরাপত্তা জোরদার করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও শক্তিশালী করা হবে।