
(১ বছর আগে) ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১২:০৯ অপরাহ্ন
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং নিউ ইয়র্কস্থ কনসুলেট জেনারেলের যৌথ উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। July Beyond Borders – Celebration of the Power of Youth in Transforming Bangladesh শীর্ষক এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, যুবসমাজ শুধু ভবিষ্যৎ নয়, তারা আমাদের বর্তমান। এক বছর আগে তাদের হাত ধরেই বাংলাদেশে সমতা, স্বচ্ছতা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের দাবি একটি সর্বজনীন আকাঙ্ক্ষায় রূপ নেয়।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার নেতৃত্বে যে গণআন্দোলন শুরু হয়, তা আজ বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক মোড় সৃষ্টি করেছে। এর ধারাবাহিকতায় নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশজুড়ে সুশাসনের জন্য প্রাতিষ্ঠানিক সংস্কারে কাজ করছে বলে জানান তিনি।
আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে তৌহিদ হোসেন বলেন, যারা এক সময় মিছিলের অগ্রভাগে ছিল, তারা আজ নীতিনির্ধারক হিসেবে নেতৃত্ব দিচ্ছে। তরুণদের উপর আস্থা রাখলে, তারাই জাতি গঠনের চালিকাশক্তিতে পরিণত হয়। তিনি বলেন, বাংলাদেশে তারুণ্যের সক্রিয় নেতৃত্ব জাতিসংঘের যুবনীতি ও কার্যক্রমের সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও জাতিসংঘ ইয়ুথ অফিসের প্রতিনিধি ড. সুধা বালাকৃষ্ণণ। তিনি বলেন, জাতিসংঘ সর্বদা যুবসমাজকে সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখে। বাংলাদেশে তারুণ্যের উদ্যম, অংশগ্রহণ এবং নেতৃত্ব বিশ্ববাসীর জন্য অনুকরণীয়।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন, দেয়াললিখন, পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক নবজাগরণে তরুণদের অবদানের চিত্র তুলে ধরা হয়। জাতিসংঘ ও অন্যান্য দেশের কূটনীতিকদের সরব উপস্থিতিতে এই আয়োজন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলে।
উল্লেখ্য, ফিলিস্তিন সংকট নিরসনে দুই-জাতি ভিত্তিক সমাধান নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের এক আলোচনায় অংশ নিতে বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।