
(১০ মাস আগে) ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১২:২৬ অপরাহ্ন
রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় মূল সড়ক দখল করে গড়ে ওঠা কাঁচাবাজার ও ফুটপাত দখল করে বসানো অস্থায়ী দোকানপাটে চরম জনদুর্ভোগ তৈরি হয়েছে। শহরের অন্যতম ব্যস্ত এই সড়কে সকাল থেকে রাত পর্যন্ত তীব্র যানজট, পথচারীদের চলাচলে বাধা ও আইনশৃঙ্খলার শৈথিল্যে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, মুক্তিযোদ্ধা মার্কেট, শাহ আলী কলেজ মার্কেট, সিটি কর্পোরেশন মার্কেট, ফেয়ার প্লাজা ও আশপাশের মার্কেটগুলোর সামনের ফুটপাত তো বটেই, মূল সড়কের একাংশ দখল করে পসরা সাজিয়ে বসেছেন হকাররা। এর ফলে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজটে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ।
স্থানীয় ব্যবসায়ী মীর মুজিবুর বলেন, গুলশান-বনানী থেকে শুরু করে ভাষানটেক ও গাবতলী পর্যন্ত যোগাযোগের গুরুত্বপূর্ণ এই সড়কটি সকালেই অচল হয়ে পড়ে। মার্কেটে পৌঁছাতে প্রতিদিনই অবর্ণনীয় কষ্ট হয়।
একই অভিযোগ আব্দুল লতিফ মোল্লারও। তিনি জানান, একসময় কাঁচাবাজার সরিয়ে নেওয়া হলেও মূল সমস্যার সমাধান হয়নি, বরং দিন দিন তা প্রকট আকার ধারণ করেছে।
স্কুলগামী সন্তানকে নিয়ে রিকশায় বসা পথচারী নীলা আক্তার বলেন, “স্কুল থেকে বাসায় এনে আবার সময়মতো ফেরত নেওয়ার কথা। কিন্তু রিকশাতেই সময় গড়িয়ে যায়। এমন দুর্ভোগ প্রতিদিন।
অন্যদিকে স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, “শুধু একটি বাজার করতে এসে কয়েক ঘণ্টা আটকে থাকতে হয়। যানজটের এমন অবস্থায় রিকশা ছাড়াও কোনো বিকল্প নেই, হেঁটে যেতেও পারি না।
ফুটপাত ও রাস্তা জুড়ে লেগুনা, অটোরিকশা ও রিকশার অবৈধ পার্কিং আরেকটি বড় সংকট। স্থানীয় বাসিন্দারা বলছেন, মেয়াদোত্তীর্ণ লক্কড়-ঝক্কড় লেগুনা চলাচল বন্ধে ডিএমপি নিষেধাজ্ঞা দিলেও বাস্তবায়ন নেই।
এক পথচারী রিপন মিয়া বলেন, শাহ আলী মার্কেটের সামনে ফুটপাতসহ রাস্তা দখল করে লেগুনাগুলোর স্ট্যান্ড, যার কারণে চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে।
আরেক পথচারী মুরাদ হোসেন জানান, শত শত রিকশা ও গাড়ি ফুটপাতে সারাদিন পার্ক করে রাখা হয়। অথচ পুলিশ এসব দেখেও কার্যকর ব্যবস্থা নেয় না।
ডিএমপির মিরপুর বিভাগের শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে সদ্য বদলির কারণে তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
নগরবিদরা বলছেন, এ সমস্যার সমাধানে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। একইসঙ্গে নাগরিকদের সচেতনতা ও দায়িত্ববোধ জাগ্রত করতে হবে।
রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কজুড়ে এমন অরাজকতা শহরের সামগ্রিক যান চলাচল, জননিরাপত্তা ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে নগরজীবনের এ বিপর্যয় আরও দীর্ঘায়িত হবে।