
(১ বছর আগে) ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৫:২০ অপরাহ্ন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ফ্যাসিবাদের কবর রচনা করতে হলে সমাজের সর্বস্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। শুধু নির্বাচনকে অনিশ্চিত করে দিলে ফ্যাসিবাদ নির্মূল হবে না।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বাগেরহাটের মোংলায় পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি রাজনৈতিক দল সনাতন ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করছে। এখন আবার দেখা যাচ্ছে, একটি ধর্মভিত্তিক দল অন্য ধর্মাবলম্বীদের একই উদ্দেশ্যে ব্যবহার করতে চাইছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, মসজিদ, মন্দির কিংবা উপাসনালয়কে রাজনীতির বাইরে রাখতে হবে। রাজনীতি হবে রাজপথে।
অমিত আরও বলেন, আমরা সাধারণ মানুষের রাজনীতি করি। আমাদের হাতে স্বর্গ কিংবা বেহেশতের টিকিট নেই, কিন্তু দুঃখ-কষ্টে মানুষের পাশে থাকার সামর্থ্য আছে। এটাই বিএনপির রাজনীতি, আর এ রাজনীতি নিয়েই আমরা জনগণের পাশে থাকতে চাই। আমাদের নেতা তারেক রহমানও সর্বদা আপনাদের পাশে আছেন, পাশে থাকতে চান।
মাদ্রাসা রোডস্থ চালনা বন্দর সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ কাউন্সিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা পৌর বিএনপির আহ্বায়ক মো. জুলফিকার আলী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দিপু, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম মনা, বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম.এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম, খাঁন মনিরুল ইসলাম, ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, আব্দুল হালিম খোকন, মোংলা পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।
কাউন্সিলের প্রথম অধিবেশন শেষে শুরু হয় ভোটগ্রহণ। পৌর বিএনপির সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬৩৯ জন কাউন্সিলর এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোট গ্রহণ ও গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হবে।