
(১ বছর আগে) ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৭:১০ অপরাহ্ন
বরিশালের হিজলা উপজেলার নদী এলাকা থেকে ট্রলার চুরির অভিযোগে সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে হিজলা থানা পুলিশ।
রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়ানী গ্রাম থেকে মো. ইমন হাওলাদার (২৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি নয়ানী গ্রামের মো. হুমায়ুন কবির হাওলাদারের ছেলে।
এ ঘটনায় পরদিন সোমবার (২৮ জুলাই) ট্রলার মালিক মো. সোবেদ আলী মাতুব্বর হিজলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ইমনের বড় ভাই মো. রিপন হাওলাদার, বাবা মো. হুমায়ুন কবির হাওলাদার এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দীর্ঘদিন ধরে এলাকাজুড়ে ট্রলার চুরির অভিযোগ থাকলেও কেউ থানায় অভিযোগ করছিল না। এবার অভিযোগ পাওয়ার পর আমরা তৎপর হয়ে উঠি এবং একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। মামলার বাদী সোবেদ আলী মাতুব্বর পেশায় কৃষক। তিনি গত ২৫ জুলাই সন্ধ্যায় হিজলা উপজেলার গুয়ারবাড়িয়া ইউনিয়নের কালিকাপুরের সুইচ গেট সংলগ্ন খালে তার ইঞ্জিনচালিত স্টিলবডির ট্রলারটি বেঁধে রেখে বাড়ি যান। পরদিন ভোরে গিয়ে দেখতে পান তার ট্রলারটি নেই।
এরপর তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১১২৩, তারিখ ২৭/০৭/২০২৫) করেন এবং নিজের ছেলেকে বরিশালের বিভিন্ন ডকে খোঁজ নিতে পাঠান।
খোঁজ করতে গিয়ে তার ছেলে চরকাউয়া ইউনিয়নের নয়ানী গ্রামে ইমন হাওলাদারদের মালিকানাধীন এক ডকে ট্রলারটি খুঁজে পান। সেখানে গিয়ে দেখা যায়, ট্রলারটি কেটে টুকরো টুকরো করে ফেলা হচ্ছে।
হিজলা থানা ও বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের সহযোগিতায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ইমন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন হাওলাদার ট্রলার চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি জানান, চুরির সময় তার সঙ্গে বড় ভাই রিপন, বাবা হুমায়ুন কবির এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি অংশ নিয়েছিলেন।
এ সময় চোরাই ট্রলারটির বিভিন্ন অংশ কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওসি শেখ আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ইমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।