
(১ বছর আগে) ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৮:৩৯ অপরাহ্ন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই মাস কেবল স্বৈরাচার মুক্তির প্রতীক নয়, বরং এটি বাংলাদেশের জন্য 'পুনর্জন্মের মাস'ও। তিনি বলেন, দেশকে গভীর থেকে বদলাতে হবে, শুধু উপরিকাঠামোগত সংস্কারে চলবে না। না হলে স্বৈরাচার আবার ফিরে আসবে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীতে আয়োজিত জুলাই স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন,জুলাই শুধু স্বৈরাচার থেকে মুক্তির মাস নয়, এটি আমাদের জাতীয় পুনর্জন্মের সময়। এজন্য দেশকে নতুন করে গড়তে হবে। শুধু উপরে প্রলেপ দিলে হবে না, ভেতর থেকে পরিবর্তন আনতে হবে।
তিনি বলেন, “স্বৈরাচার নিপাত গেছে ঠিক, তবে যদি আমরা গভীর সংস্কারে না যাই, তাহলে সেই একই ধ্বংসাত্মক শক্তি আবার ফিরে আসবে নতুন মুখোশে।
তিনি আরও জানান, জুলাই অভ্যুত্থানে যারা গণহত্যা ও রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করেছে, তাদের বিচার এমনভাবে সম্পন্ন করা হবে, যাতে ভবিষ্যতে কেউ আর ক্ষমতার জোরে জনগণকে দমন করতে না পারে।
পতিত স্বৈরাচারের শাসনামলের ভয়াবহতা তুলে ধরে ড. ইউনূস বলেন,এমন কেউ নেই, যাকে হয়রানি করা হয়নি। মানুষকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, এমনকি ইলেকট্রিক চেয়ার পর্যন্ত ব্যবহার করা হয়েছে। এর অনেক কিছুই সাধারণ মানুষ জানে না বা দেখেনি।
সভায় তিনি সকলকে আহ্বান জানান, জুলাইয়ের আত্মত্যাগ ও শিক্ষা যেন জাতি ভুলে না যায়। এই শিক্ষা যদি ভুলে যাই, তাহলে আবারো ইতিহাসের ভুলপথে হাঁটতে হবে। আমরা সেই ভুল আর করতে চাই না, বলেন প্রধান উপদেষ্টা।