banglahour

২০২৬ বিশ্বকাপের ড্র ভেগাসেই, প্রস্তুতি চলছে জোরেশোরে

খেলা | ক্রীড়া ডেস্ক

(১ বছর আগে) ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৭:২১ অপরাহ্ন

১৯৯৪ সালের পর আবারও ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এবারের আসরটি হবে আরও বড়, আরও ঐতিহাসিক। ২০২৬ সালের এই মেগা টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তিন দেশের ১৬টি শহরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। শুরু হবে আগামী বছরের ১১ জুন, আর পর্দা নামবে ১৯ জুলাই।

বিশ্বকাপ শুরু হতে এখনো এক বছরেরও বেশি সময় বাকি। তবে এরই মধ্যে আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠান। ড্র অনুষ্ঠানটি কোথায় হবে—তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। সম্ভাব্য ভেন্যু হিসেবে সবচেয়ে আলোচনায় রয়েছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহর।

১৯৯৪ সালের বিশ্বকাপের ড্র হয়েছিল লাস ভেগাস কনভেনশন সেন্টারে। এবারও ভেগাসের ‘দ্য স্ফেয়ার’ সেন্টারকে প্রধান বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। অত্যাধুনিক এই ভেন্যুটির স্ক্রিনের আয়তন ৫৪ হাজার বর্গমিটার এবং আসন সংখ্যা ১৭ হাজার ৫০০। প্রযুক্তি ও আয়োজনের দিক থেকে এটি বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ইনডোর ভেন্যু।

তবে আগামী ৫ ডিসেম্বর এই ভেন্যুতে আগেই অন্য একটি অনুষ্ঠানের জন্য বুকিং রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়া মাধ্যম ইএসপিএন। তবুও বিভিন্ন সূত্র জানাচ্ছে, চূড়ান্ত আলোচনা শেষে ভেগাসেই হতে পারে ড্র অনুষ্ঠান। মেক্সিকান গণমাধ্যম ‘টিউডিএন’ এবং ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, কানাডা ও মেক্সিকোর কিছু শহরও প্রাথমিকভাবে বিবেচনায় ছিল, তবে সবদিক বিবেচনায় ভেগাসই এগিয়ে।

মেক্সিকান ক্লাব পাচুকার নির্বাহী পেদ্রো চেদিল্লোও ড্রয়ের জন্য ভেগাসের পক্ষে মত দিয়েছেন। যদিও তিনি মেক্সিকোকে বিশ্বকাপ উপলক্ষে ট্রেনিং ক্যাম্প ভেন্যু হিসেবে প্রমোট করছেন, তবুও তার ভাষ্য, “ভেগাসেই ড্র হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দল। দলগুলো ১২টি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে, প্রতিটি গ্রুপে থাকবে ৪টি করে দল। এখনো পর্যন্ত ড্রয়ের নির্দিষ্ট তারিখ ও স্থান সম্পর্কে ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এখন পর্যন্ত ১৩টি দল ইতোমধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। স্বাগতিক তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা ছাড়াও জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা, ব্রাজিল, জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জর্ডান, নিউজিল্যান্ড, ইকুয়েডর ও অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে, ১৯ জুলাই।

২০২৬ সালের এই আসরকে ইতিহাসের সবচেয়ে বড় এবং বর্ণিল বিশ্বকাপ হিসেবে দেখা হচ্ছে। ফুটবলপ্রেমীদের চোখ এখন এই বহু আকাঙ্ক্ষিত টুর্নামেন্টের দিকেই।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল