banglahour

নিষেধাজ্ঞা কাটিয়ে মেসির জোড়া অ্যাসিস্ট, জয় দিয়ে অভিষেক রাঙালেন ডি পল

খেলা | আরফিন জুয়েল অন্তর, স্পোর্টস রিপোর্টার

(১ বছর আগে) ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৭:২৩ অপরাহ্ন

নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই চেনা রূপে আবির্ভূত হলেন লিওনেল মেসি। তার জোড়া অ্যাসিস্টে মেক্সিকান ক্লাব অ্যাটলাসকে ২-১ গোলে হারিয়ে লিগস কাপ অভিযান দারুণভাবে শুরু করেছে ইন্টার মায়ামি। একইসঙ্গে নতুন ক্লাবের হয়ে অভিষেক ম্যাচেই নজর কাড়লেন আর্জেন্টিনার আরেক তারকা রদ্রিগো ডি পল।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে বিরতির পর ৬৫তম মিনিটে মেসির নিখুঁত পাস থেকে সেগোভিয়া গোল করে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন।

৮০ মিনিটে পাল্টা আক্রমণে সমতা ফেরায় অ্যাটলাস। বক্সের ভেতরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক গোল করেন রিভালদো লোজানো।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছে, ঠিক তখনই ফের দৃশ্যপটে আবির্ভাব মেসির। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে তার বাড়ানো বল থেকে মার্সেলো ‘চেলো’ ভিগান্ট জয়সূচক গোলটি করেন। যদিও প্রথমে লাইসম্যান অফসাইডের পতাকা তুললেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (VAR) সাহায্যে গোলটি বৈধ ঘোষণা করা হয়।

এই জয়ে লিগস কাপের প্রথম ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় ইন্টার মায়ামি।

এর আগে, এমএলএস অল-স্টার ম্যাচে না খেলায় লিগের নিয়ম অনুযায়ী এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন মেসি ও তার সতীর্থ জর্দি আলবা। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে নিজের সামর্থ্য আর নেতৃত্বগুণের প্রমাণ দিলেন আর্জেন্টাইন মহাতারকা।

উল্লেখ্য, জুলাই মাসে এমএলএসে ৮ গোল ও ৫ অ্যাসিস্ট করে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল