
(১ বছর আগে) ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৭:২৫ অপরাহ্ন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা শহরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলিসহ সাইদুর রহমান (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে দামুড়হুদা উপজেলার ব্রীজ পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সাইদুর রহমান মৃত কিয়াম উদ্দীন ওরফে ঘ্যানার ছেলে এবং উপজেলা পরিষদ গেটের পাশের সাইদুর ইলেকট্রনিক্সের মালিক।
দামুড়হুদা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) হিমেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশের একটি দল ভোর রাতে সাইদুরের বাড়িতে অভিযান চালায়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী উপজেলা পরিষদ গেট সংলগ্ন তার ইলেকট্রনিক্সের দোকান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মামলার বাদী এসআই হিমেল নবাব।
পুলিশ সূত্র জানায়, আটক সাইদুরের বিরুদ্ধে আরও কোনো অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার তথ্য যাচাই করে দেখা হচ্ছে।
আটক সাইদুর রহমানকে আটক করে পুলিশ প্রহরায় থানায় নিয়ে যাওয়া হচ্ছে পাশে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি