banglahour

জুলাই বিপ্লবের শহীদ মাসুদ রানার পরিবারের হাতে জামায়াতের অনুদান

রাজনীতি | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১০ মাস আগে) ১ আগস্ট ২০২৫, শুক্রবার, ২:০৩ অপরাহ্ন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় 'জুলাই বিপ্লবে' শহীদ মাসুদ রানার পরিবারের হাতে ২ লাখ ২০ হাজার টাকা অনুদান হিসেবে তুলে দিয়েছেন জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৯টায় শহীদ মাসুদ রানার স্ত্রী ও শিশু কন্যা আরবীর হাতে এই অর্থ তুলে দেন তিনি। এ সময় তিনি পরিবারটির খোঁজখবর নেন এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন। শহীদ মাসুদ রানার আত্মত্যাগকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন রুহুল আমিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, দর্শনা থানা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম, দামুড়হুদা থানা জামায়াতের আমীর নায়েব আলী, দর্শনা পৌর জামায়াতের আমীর সাহিকুল আলম অপু, নায়েবে আমীর গোলজার হোসেন, পৌর সেক্রেটারি শাহরিয়ার আলম দবির, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর হোসাইন, সাবেক সভাপতি হাফেজ এমদাদুল্লাহ জামেন প্রমুখ।

শহীদ মাসুদ রানার শ্বশুর, দর্শনার আজমপুর এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বাবুল মিয়া, জামায়াত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শহীদের আত্মার মাগফিরাত এবং তার পরিবারের জন্য দোয়া পরিচালনা করেন মাওলানা আজিজুর রহমান।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের আগের দিন ৪ আগস্ট, ঢাকার মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সরকার পতনের দাবিতে একদফা আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন মাসুদ রানা মুকুল (৩৫)। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের স্কুলপাড়া এলাকার আব্দুর রায়হান ও জাহানারা খাতুন দম্পতির ছোট ছেলে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মাসুদ রানা ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে লিফট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল