
(১ বছর আগে) ১ আগস্ট ২০২৫, শুক্রবার, ৩:১৬ অপরাহ্ন
ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়ায় ভারত থেকে অবৈধভাবে আমদানি করা ১৪৫ বোতল মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন গাজীপুরের বিল্লাল হোসেন, চারুয়াপাড়ার জয়নাল এবং জয়দেবপুরের তৈয়ব সিদ্দিক।
বৃহস্পতিবার রাতে উপজেলার পঞ্চন্দপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে এসব মদসহ তাদের আটক করা হয়।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। তল্লাশিকালে পিকআপ ভ্যানের ভেতরে কৌশলে লুকানো অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।
এর আগে, গত ২১ জুলাই উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে ১১৬ বোতল এবং ২২ জুলাই দর্শা এলাকা থেকে ২৩৬ বোতল ভারতীয় মদসহ আরও দুইজনকে আটক করেছিল পুলিশ।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে।