
(১ বছর আগে) ২ আগস্ট ২০২৫, শনিবার, ১:০২ অপরাহ্ন
সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, একটি সমৃদ্ধ ও শান্তির বাংলাদেশ গড়তে হলে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩১ দফা রূপরেখা নিয়ে জনগণের কাছে যেতে হবে। জনগণের অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক স্বাধীনতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি কখনোই জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল না। বরং ফ্যাসিস্ট হাসিনা সরকার নানা ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আজ জনগণই তাদের প্রত্যাখ্যান করেছে।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মামুন আহমদ মেম্বার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন:
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল বারী চৌধুরী
উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মসরুর আহমদ
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহমদ জাহিদ
ছাত্রদল নেতা আমিনুল ইসলাম রুনু
সভায় ১ থেকে ৯নং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ এবং ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এলাকার নানা শ্রেণি-পেশার মানুষও সভায় উপস্থিত ছিলেন।
ফয়সল চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশপ্রেম, উন্নয়ন ও মানুষের কল্যাণ এই তিন মূলনীতি নিয়েই বিএনপি রাজনীতি করে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে সতর্ক ও সংগঠিত থাকতে হবে।