banglahour

তরুণ উদ্যোক্তার স্বপ্নে দুর্বৃত্তের কোপ, ছিন্নভিন্ন শতাধিক কলাগাছ

অপরাধ | আতিফ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি

(১ বছর আগে) ৩ আগস্ট ২০২৫, রবিবার, ১২:৫৫ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বানীপাড়া গ্রামে একজন তরুণ উদ্যোক্তার স্বপ্নে নেমে এসেছে নির্মম ছায়া। স্বাবলম্বী হওয়ার সংগ্রামে গড়ে তোলা কলার বাগানে দুর্বৃত্তরা হামলা চালিয়ে কেটে দিয়েছে শতাধিক কলাগাছ। এক রাতে মাটিতে মিশে গেছে এক তরুণের শ্রম, ঘাম আর স্বপ্নের ভবিষ্যৎ।

ক্ষতিগ্রস্ত শাহিনুর রহমান শাহীন ওই গ্রামের মো. ময়েজ উদ্দিনের ছেলে। বেকারত্বের গ্লানি না টেনে তিনি নিজেই হয়ে উঠতে চেয়েছিলেন উদ্যোক্তা। গড়ে তুলেছিলেন ব্রয়লার মুরগির খামার এবং প্রায় দুই বিঘা জমিতে রোপণ করেছিলেন ২০০-এর বেশি কলাগাছ। সেই বাগান হয়ে উঠেছিল তাঁর আত্মবিশ্বাসের প্রতীক।

কিন্তু গত ৩১ জুলাই রাতের অন্ধকারে দুর্বৃত্তরা নেমে আসে তার বাগানে। কেটে ফেলে একের পর এক গাছ—ছিন্নভিন্ন করে দেয় পাতা, কাণ্ড ও ডগা। ধারণা করা হচ্ছে, এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

শাহীন বলেন,অনেক কষ্ট করে এই বাগান করেছিলাম। স্বপ্ন ছিল কিছু একটা করব। কিন্তু এখন সব শেষ। যারা এই কাজ করেছে, তাদের কঠোর শাস্তি চাই।

তাঁর এই উদ্যোক্তা হওয়ার সাহস দেখে অনুপ্রাণিত হচ্ছিলেন এলাকার অনেক তরুণ, বিশেষ করে রাকিব ও জুবায়ের নামের দুই যুবক। কিন্তু এখন তাঁরা হতাশ ও আতঙ্কিত।

স্থানীয় মো. সোহাগ ক্ষোভ প্রকাশ করে বলেন,শাহীন ছিল আমাদের প্রেরণা। এখন সবাই ভয় পাচ্ছে নতুন কিছু করতে। যারা এটা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এ বিষয়ে হেমনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ওমর হোসেন মিয়া বলেন,ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় শুধু একটি বাগান নয়, এক তরুণের স্বপ্ন, সাহস এবং ভবিষ্যতের পথচলাই যেন ছিন্নভিন্ন করে দেওয়া হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল