banglahour

সখীপুরে জামায়াত, চরমোনাই পীর ও এনসিপিকে কটূক্তির প্রতিবাদে তোলপাড়

রাজনীতি | আতিফ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি

(১ বছর আগে) ৩ আগস্ট ২০২৫, রবিবার, ৯:৩৪ অপরাহ্ন

টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর বিরুদ্ধে জামায়াতে ইসলামি, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এবং এনসিপি'র বিরুদ্ধে কটূক্তির অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

রবিবার দুপুরে পৃথক বিবৃতিতে সখীপুর উপজেলা জামায়াতে ইসলামি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মনিরুজ্জামান গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শাহজাহান সাজু জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল নিয়ে কুরুচিপূর্ণ ও তাচ্ছিল্যমূলক মন্তব্য করেছেন, যা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।

এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সখীপুর উপজেলা সভাপতি মাওলানা আবদুল লতিফ ও সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম তাদের বিবৃতিতে অভিযোগ করেন, এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শাহজাহান সাজু ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীরকে ‘চোরমোনাই’ বলে বিকৃত নামে সম্বোধন করেন, যা শুধু একজন আলেম নয়, বরং ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের কটূক্তি দায়িত্বজ্ঞানহীনতার চরম নিদর্শন। পীর সাহেব চরমোনাই একজন সম্মানিত আলেম ও ইসলামপ্রিয় জনতার আস্থাভাজন ইসলামী ব্যক্তিত্ব। তাঁর বিরুদ্ধে এ ধরনের মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তারা অবিলম্বে শাহজাহান সাজুর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানান।

তবে অভিযুক্ত শাহজাহান সাজু অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এমন কিছু বলেছি বলে মনে হয় না। অনেক সময় বলার ভঙ্গিতে কিংবা শোনার ভুলে এ ধরনের বিভ্রান্তি তৈরি হতে পারে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজু এক উঠান বৈঠকে বলেন,
ওই এনসিপি না বিচি পার্টি হইছে। ওদের লোক আছে ৫-৭ জন। তারা আমাকে দেখলে রাস্তায় দাঁড়াতেও পারবে না। আর ওই যে ‘চোরমোনাই’, তাদের দল এখানে আছে আর জামায়াতের কয়জন মানুষ আছে

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল