
(১ বছর আগে) ৩ আগস্ট ২০২৫, রবিবার, ৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৬ অপরাহ্ন
পঞ্চগড়ের বোদা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হেলাল উদ্দিন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (২ আগস্ট) রাতে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ঘাগড়া এলাকায় এ অভিযান চালায় সেনাবাহিনী।
অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক। সেনা সদস্যরা হেলালের বাড়ি থেকে ট্যাবলেট ছাড়াও মাদক বিক্রির নগদ ২ লাখ ১৮ হাজার ২৬০ টাকা উদ্ধার করে। পরে তাকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক হেলাল উদ্দিন ওই এলাকার মৃত হাসান আলীর ছেলে। তিনি পেশায় সাইকেল মেকানিক হলেও দীর্ঘদিন ধরে ভারতের মাদক ব্যবসায়ীদের মাধ্যমে মাদক এনে পঞ্চগড়ে সরবরাহ করতেন বলে সেনাবাহিনী জানিয়েছে।
মেজর আদনান বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল হেলাল বড় পরিসরে ট্যাপেন্টাডল ব্যবসার সঙ্গে জড়িত। অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়েছে।
বোদা থানার ওসি আজিম উদ্দিন জানান, আটক হেলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে দুপুরে আদালতে হাজির করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাগড়া এলাকায় হেলালের বিরুদ্ধে এর আগেও মাদকের সঙ্গে জড়িত থাকার গুঞ্জন ছিল। তবে এবার প্রথমবারের মতো বিপুল পরিমাণ মাদকসহ তাকে আটক করা হলো।