
(১ বছর আগে) ৩ আগস্ট ২০২৫, রবিবার, ৯:৩৮ অপরাহ্ন
খুলনার দৌলতপুর থানাধীন পাবলা বণিক পাড়ায় কৃত্রিম সংকট সৃষ্টি করে চাল মজুদ করার অভিযোগে মোক্তার হোসেন নামে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৩ আগস্ট) খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হাসানের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এই জরিমানা আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করেন খুলনা জেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা কাজী সাইফুদ্দিন ও দৌলতপুর থানার পুলিশ সদস্যরা।
অভিযানে জানা যায়, দৌলতপুর শিল্পাঞ্চলের আইয়ুব আলী রোডস্থ কুষ্টিয়া টাওয়ারে মোক্তার হোসেন লাইসেন্স ও অনুমোদন ছাড়া ২৮ মেট্রিক টন চাল মজুদ রেখেছিলেন। খাদ্য বিপণন ও মজুদ আইন ২০২৩-এর ৩ ধারায় তাকে জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে লাইসেন্স ছাড়া চাল মজুদ না করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এলাকাবাসীরা জানান, মোক্তার হোসেন দীর্ঘদিন ধরেই অনুমোদনহীনভাবে চাল ও খাদ্যশস্য মজুদ করে আসছিলেন। তার মতো আরও কিছু ব্যবসায়ী এই এলাকায় একইভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে প্রভাব ফেলছেন বলে অভিযোগ রয়েছে।
প্রশাসনের এক সূত্র জানায়, দৌলতপুর এলাকায় শিগগিরই আরও অভিযান চালানো হবে।