banglahour

নাতনির কাছে জমি হারিয়ে পথে পথে নানী

অপরাধ | মির্জা রন্টু, নড়াইল প্রতিনিধি

(৯ মাস আগে) ৪ আগস্ট ২০২৫, সোমবার, ৭:১৫ অপরাহ্ন

এক সময় নাতনিকে বুকে চেপে মানুষ করেছিলেন। আজ সেই নাতনির কাছেই আশ্রয়হীন হয়ে পড়েছেন ৮৫ বছরের বৃদ্ধা ছিয়ারন নেসা। জীবনের শেষ প্রান্তে এসে ঘরবাড়ি, জমিজমা সব হারিয়ে দু’মুঠো ভাতের আশায় গ্রামের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন তিনি।

ঘটনাটি নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের চরশালিখা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ বছর আগে স্বামী হারানো ছিয়ারন নেসা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালিয়েছেন। আড়াই মাস বয়স থেকে নিজের নাতনি কমলা রানীকে লালন-পালন করেছেন। পরে নিজের ৭ শতাংশ জমি বিক্রি করে কমলার স্বামীকে বিদেশ পাঠান। এরপর ধীরে ধীরে নানীর বাকি জমিও নিজেদের নামে লিখে নেন কমলা ও তার স্বামী।

সম্পত্তি হারিয়ে ছেলেও মুখ ফিরিয়ে নিয়েছে। অসহায় ছিয়ারন নেসা এখন গ্রামে দ্বারে দ্বারে ঘুরে মানুষের দয়া ভিক্ষায় বেঁচে আছেন। স্থানীয় বাসিন্দারা যখন কমলার কাছে বৃদ্ধা নানীকে ভাত-কাপড় দিতে অনুরোধ করেন, তখন তিনি তাতে অসম্মতি জানান। এরপর কমলা উল্টো গ্রামবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

চরশালিখা গ্রামের বাসিন্দা মুরাদ শেখ বলেন,ছিয়ারন নানীকে আমরা গ্রামের কয়েকজন মিলে কমলার বাড়িতে নিয়ে গিয়েছিলাম, যাতে সে অন্তত খেতে পারে। কিন্তু কমলা রাজি হয়নি। এখন সে আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে।

বৃদ্ধা ছিয়ারন নেসা কাঁদতে কাঁদতে বলেন,নাতনীরে দুধ খাইয়ে মানুষ করছি। জমি দিছিলাম বিদেশ যাইব বলে। এখন আমারে খেদায় দিছে। ছেলের ঘরেও ঠাঁই নাই। আমি আর কই যামু? এখন কেউই আমারে দেখে না, খাওয়ায় না।

কমলার মামা বাবু মোল্যা বলেন,মা জীবদ্দশায় সব জমি কমলার নামে লিখে দিয়েছেন। রাগ করে আমরা খোঁজ নিইনি। এখন মা অসুস্থ, তাই খেতে দিচ্ছি।

স্থানীয় ইউপি সদস্য (৫নং ওয়ার্ড) সাখা কাজী জানান,কমলার বয়স যখন তিন মাস, তখন তার মা মারা যান। নানী তাকে বড় করেছেন, বিয়েও দিয়েছেন। পরে সব জমি কমলা ও তার স্বামী কবলায় লিখে নিয়েছেন। এখন বৃদ্ধা না খেয়ে ঘুরছেন। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

অভিযুক্ত কমলা রানী বলেন,নানী ২০ বছর আমার সাথে ছিল, খেয়ে-পরে। কিছু মানুষ আমাকে হেয় করার জন্য তারে দিয়ে এসব বলাচ্ছে। আমাকে মারধরও করা হয়েছে, তাই থানায় অভিযোগ করেছি।

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন,এ ঘটনায় উভয় পক্ষের বক্তব্য নেওয়া হয়েছে। বৃদ্ধার সম্পত্তি আত্মসাতের অভিযোগ ও তাকে অমানবিকভাবে তাড়িয়ে দেওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কমলার দায়েরকৃত অভিযোগও তদন্তাধীন। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল