banglahour

মিরপুরে সড়কগুলোর বেহাল দশা

অনুসন্ধান | রাজু আহমেদ, স্টাফ রিপোর্টার (ঢাকা)

(৯ মাস আগে) ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ১১:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৫৭ পূর্বাহ্ন

রাজধানীর গুরুত্বপূর্ণ আবাসিক ও শিক্ষানগরী মিরপুরের রাস্তাঘাট ও পরিবেশগত অব্যবস্থাপনায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে জাতীয় চিড়িয়াখানা সড়ক ও আশপাশের এলাকায় ময়লা-আবর্জনার দুর্গন্ধ, সড়ক দখল, পানি নিষ্কাশনের অভাব এবং যানজট প্রতিদিনের নিত্যসঙ্গী হয়ে উঠেছে।

বর্ষাকালে এই দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নেয়। পচা-গলা আবর্জনায় রাস্তাগুলো হয়ে ওঠে পিচ্ছিল ও দুর্গন্ধযুক্ত, যেখানে চলাচল দুরূহ হয়ে পড়ে।

পর্যটন ও শিক্ষার প্রাণকেন্দ্রে একীদশা

এই এলাকাতেই অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর বোটানিক্যাল গার্ডেন, শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, হযরত শাহ আলী (রহঃ) মাজার, সরকারি বাংলা কলেজ, বিসিআইসি স্কুল অ্যান্ড কলেজসহ একাধিক গুরুত্বপূর্ণ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী, পর্যটক ও বাসিন্দা এসব সড়ক ব্যবহার করলেও এলাকাটির রাস্তাঘাট ও পরিবেশ ব্যবস্থাপনায় কার্যকর কোনো উন্নয়ন চোখে পড়ছে না।

সরেজমিনে দেখা চিত্র

চিড়িয়াখানা সড়ক, পাইকপাড়া সরকারি স্টাফ কোয়ার্টারের সামনের রাস্তা, মুক্তিযোদ্ধা মার্কেট, কো-অপারেটিভ মার্কেট, সনি সিনেমা হলসংলগ্ন এলাকা ও ঈদগাহ মাঠের পাশের মূল সড়কে বসানো হয়েছে অস্থায়ী কাঁচাবাজার। পচা মাছ ও মুরগির রক্ত-পানি রাস্তা দিয়ে গড়িয়ে পড়ায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশে।

স্থানীয় বাসিন্দা মনিরুজ্জামান মনি বলেন, এখানে আন্তর্জাতিক মানের বহু প্রতিষ্ঠান রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার মানুষ প্রতিদিন এই এলাকা ব্যবহার করেন। কিন্তু রাস্তার এই অবস্থা জাতীয় ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য খুবই নেতিবাচক। আনোয়ার হোসেন, আরেক বাসিন্দা জানান,এই অঞ্চলে মশা-মাছি বেড়েই চলেছে। ডেঙ্গু, ম্যালেরিয়া, ডায়রিয়া ও চর্মরোগ বাড়ছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।

পরিবহন চালকদের দুর্ভোগ

কিরণমালা ও দিশারী পরিবহনের চালকরা জানান, এই সড়কে প্রতিদিন যানজট লেগেই থাকে, বিশেষ করে শুক্রবার। ঈদগাহ মাঠের পাশে কাঁচাবাজারের দুর্গন্ধে যাত্রীদের কষ্ট হয়। আর বৃষ্টির দিনে সড়কে দুর্ঘটনা ঘটাও নিত্য ব্যাপার।বেস্ট শতাব্দী পরিবহনের এক চালক বলেন, সড়ক এতটাই পিচ্ছিল যে, মাঝে মাঝেই বাস স্কিড করে। এর ফলে ছোটখাটো দুর্ঘটনা অহরহ হচ্ছে।

নারী ও শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ

রতন খান, রাইনখোলা এলাকার এক অভিভাবক বলেন, স্কুলগামী বাচ্চাদের নিয়ে প্রতিদিন ফুটপাত দখল করে বসা বাজার পার হয়ে যেতে হয়। এটি খুবই ঝুঁকিপূর্ণ।

তাহমিনা আক্তার, এক গার্মেন্টস কর্মী বলেন,প্রতিদিন কর্মস্থলে যেতে সময় লাগে দ্বিগুণ। বাজারের কিছু অসাধু দোকানদার আমাদের ইভটিজিং করে, কেউ প্রতিবাদ করলে বাজে ভাষা ব্যবহার করে।

পরিবেশ ও নগর পরিকল্পনা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ ধরনের বেহাল অবস্থা রাজধানীর সুনাম ক্ষুণ্ন করছে। অবিলম্বে অবকাঠামোগত উন্নয়ন ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।এ বিষয়ে ডিএনসিসি অঞ্চল-২–এর এক কর্মকর্তা জানান, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা আরও জোরালো করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল