banglahour

আ.লীগ গণতন্ত্র ধ্বংস করেছে, পেটের ভাতও কেড়ে নিয়েছে: সালাম পিন্টু

রাজনীতি | আতিফ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি

(১ বছর আগে) ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৩:৪৮ অপরাহ্ন

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, “আমরা অনেক পতন দেখেছি, তবে আওয়ামী লীগের মতো পতন এখনও দেখিনি। তারা জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে, মানুষের পেটের ভাত কেড়ে নিয়েছে এবং শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে। তারা গণতন্ত্র ধ্বংস করেছে এবং মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে।”

মঙ্গলবার টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা বিএনপির আয়োজনে ‘জুলাই বিপ্লব দিবস’ উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাম পিন্টু আরও বলেন, “ছাত্রদল ও যুবদলকে জনগণের সেবক হতে হবে। কোনো ধরনের চাঁদাবাজি গ্রহণযোগ্য নয়। যারা এতে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে।”

তিনি আশ্বাস দেন, “দেশে আর কোনো ফ্যাসিস্ট সরকারের ঠাঁই হবে না। দেশনেত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। দেশের মানুষ আর আয়না ঘরের নির্বাচন মেনে নেবে না।”

ভূঞাপুর বাসস্ট্যান্ড মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, বাজার বণিক সমিতির সভাপতি শাহজাহান কবির লিটন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভার পূর্বে সালাম পিন্টুর নেতৃত্বে একটি বিশাল র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে তারা ‘জুলাই বিপ্লবের’ শহীদ পলাশের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলে অংশ নেন।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সরকারের প্রতি তীব্র সমালোচনার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল