banglahour

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে আসাবুর বাহিনীর দুই সদস্য আটক

অপরাধ | মনিরুল ইসলাম দুলু বাগেরহাট প্রতিনিধি

(১ বছর আগে) ৬ আগস্ট ২০২৫, বুধবার, ১১:২১ পূর্বাহ্ন

সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত আসাবুর বাহিনীর দুই সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। অভিযানে তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সকালে মোংলা কোস্ট গার্ড স্টেশনের যুদ্ধজাহাজ বিসিজিএস স্বাধীন বাংলা এর নেভিগেটিং কর্মকর্তা লে. মো. খালিদ সাইফুল্লাহ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন শরবতখালী এলাকায় ডাকাত আসাবুর বাহিনীর কয়েকজন সদস্য ডাকাতির উদ্দেশ্যে জড়ো হচ্ছে।

এর ভিত্তিতে গত ৫ আগস্ট বিকেল ৫টায় কোস্ট গার্ড বেইস মোংলা থেকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কোস্ট গার্ড দল ডাকাতদের ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় আত্মসমর্পণের আহ্বানে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে আভিযানিক দল।

পরে অভিযান চালিয়ে দুই ডাকাত—মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)—কে আটক করা হয়। উভয়েই খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে তারা কুখ্যাত আসাবুর বাহিনীর হয়ে ডাকাতি এবং অস্ত্র-গোলাবারুদ সরবরাহে যুক্ত ছিল।

আটক ডাকাত ও জব্দকৃত আলামত আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা।

তিনি আরও বলেন,

“সুন্দরবনকে সম্পূর্ণ দস্যু ও ডাকাত মুক্ত করতে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল