
(১ বছর আগে) ৬ আগস্ট ২০২৫, বুধবার, ১১:০৯ অপরাহ্ন
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রমজান শুরু হওয়ার আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বুধবার (৬ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো এক চিঠিতে এই অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
চিঠিতে বলা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের জন্য ইসিকে চিঠি দেওয়ার যে ঘোষণা দেন, তারই পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়,প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে অবিলম্বে প্রস্তুতি শুরুর ওপর গুরুত্বারোপ করেছেন, যাতে বিগত ১৫ বছর ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত জনগণ এবার সত্যিকারের এক 'ভোট উৎসবে' অংশ নিতে পারেন।
এছাড়া, একটি স্মরণীয়, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহারের কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেছে যে, নির্বাচন আয়োজনের প্রতিটি ধাপে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।
চিঠির শেষে নির্বাচন আয়োজনের জন্য জরুরি প্রস্তুতি গ্রহণ ও সাংগঠনিক কার্যক্রম শুরু করতে নির্বাচন কমিশনকে আহ্বান জানানো হয়েছে।