banglahour

ময়মনসিংহে বিজয় র‌্যালিতে নজরুল ইসলাম খান: জনগণ সন্তুষ্ট থাকলে ইনশাল্লাহ আমরা বিজয়ী হবো

রাজনীতি | কাজী মোহাম্মদ মোস্তফা ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ৬ আগস্ট ২০২৫, বুধবার, ১১:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:১৪ অপরাহ্ন

যদি জনগণ সন্তুষ্ট থাকে, ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা বিজয়ী হবো  এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বুধবার (৬ আগস্ট) বিকেলে ময়মনসিংহ নগরীর নতুনবাজারে আয়োজিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা লড়াই করেছি একটি ফ্যাসিবাদী শাসনের পতনের জন্য, যাতে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হয়। সেই লড়াইয়ে ছাত্র, শ্রমিক, মা-বোনেরা জীবন দিয়েছেন। আর ইতিহাসে প্রথমবারের মতো একজন সরকারপ্রধান কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়েছেন।

নজরুল ইসলাম খান জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা বলেছেন। “আমরা আশা করি, কমিশন অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করবে।

তিনি আরও বলেন, ষোলো বছরে গুম, খুন, মামলা-নির্যাতনের শিকার হওয়া নেতাকর্মীদের ত্যাগের দায় আমাদের নিতে হবে। তাঁদের স্বপ্ন বাস্তবায়নে শহীদ জিয়ার হাতে গড়া বিএনপিকে বিজয়ী করতে হবে। আর বিজয়ের মূলমন্ত্র হলো— জনগণের হৃদয় জয় করা।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা শপথ নিন— এমন কোনো কাজ বা কথা বলবেন না যাতে জনগণ কষ্ট পায়।

বিজয় র‌্যালি নগরীর প্রধান সড়ক ঘুরে রেলওয়ে স্টেশনের কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম। বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির এনায়েত উল্লাহ কালামসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

নজরুল ইসলাম খান বলেন, এই বিজয় এমনি আসেনি, লাখো নেতাকর্মী কারাভোগ করেছেন, নিপীড়নের শিকার হয়েছেন তবুও কেউ লড়াইয়ের মাঠ ছেড়ে যাননি। এই ত্যাগেই গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে। তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের সুস্থতা কামনা করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল