
(৯ মাস আগে) ৭ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২:৪৮ অপরাহ্ন
পঞ্চগড় জেলা শহরের সিনেমা হল মার্কেটের সামনে বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ছুরিকাঘাতে নিহত হয়েছেন জাবেদ উমর জয় (১৯) নামে এক যুবক। নিহত জয় পুরাতন ক্যাম্প এলাকার জহিরুল হকের ছেলে ও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইন্সটিটিউটের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি পঞ্চগড় পৌরসভার ২নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী হিসেবেও পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জেরে জয়কে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের আল-আমিন, পারভেজসহ আরও কয়েকজন। ছুরিকাঘাতে জয়ের পেটের বাম পাশ দিয়ে অন্ত্র বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর রংপুর মেডিকেলে রেফার করা হয়। পথে তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই আশরাফ জানান, “রাতে মোটরসাইকেল নিয়ে তিনজন জয়কে খুঁজছিল। কিছুক্ষণ পর ফোনে জানতে পারি জয়কে ছুরি মারা হয়েছে, তার ভুড়ি বের হয়ে গেছে।”
ঘটনার পর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ এলাকাবাসী ও জয়-এর বন্ধু-সহপাঠীরা দোকানপাট বন্ধ করে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে বিক্ষোভ করেন। তারা হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান এবং অভিযুক্তদের না ধরা পর্যন্ত মরদেহ থানায় নিতে অস্বীকৃতি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ ও সেনা টহল জোরদার করা হয়েছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. রেজওয়ানুল্লাহ বলেন, “জয়ের পেটের বাম পাশে ছুরিকাঘাতে অন্ত্র বের হয়ে গিয়েছিল। একটি হাতেও আঘাত ছিল। অবস্থা গুরুতর হওয়ায় রংপুরে রেফার করি।”
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ বলেন, আল-আমিন ও পারভেজসহ কয়েকজন ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালাচ্ছে। মরদেহ দ্রুত ময়নাতদন্তে পাঠানো হবে।