
(১ বছর আগে) ৭ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৯:১৮ অপরাহ্ন
বিএনপি ক্ষমতায় এলে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের কুশিয়ারা তীরবর্তী অঞ্চলের অবহেলিত সড়ক অবকাঠামো ও যুব সমাজের উন্নয়নে বড় ধরনের পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন দলটির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার (৭ আগস্ট) গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের আছিরগঞ্জ বাজারে ৮নং তিলপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বসন্তপুর–কটলিপাড়া সড়কটি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। প্রায় ৫০ বছরেও এই রাস্তা সম্পন্ন হয়নি। বারবার মানুষকে প্রতারণা করা হয়েছে। দুইবারের শিক্ষামন্ত্রী হয়েও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদ এই সড়কটি শেষ করেননি।”
তিনি বলেন, “আমরা ধাপ্পাবাজ না। বিএনপি যদি ক্ষমতায় আসে এবং আমি যদি এমপি নির্বাচিত হই, তাহলে এই সড়কটি প্রশস্ত করে সম্পন্ন করা হবে। এছাড়া প্রতিটি গ্রামীণ সড়ক উন্নয়নের আওতায় আনা হবে। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের যুব শক্তিকে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে ইনশাল্লাহ।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফাকে “আগামী বাংলাদেশের মুক্তির সনদ” হিসেবে আখ্যায়িত করে ফয়সল বলেন, “এই দফাগুলোর সুফল জনগণের সামনে তুলে ধরতে হবে। দলকে বিজয়ী করতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন তিলপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সায়েক এবং সঞ্চালনা করেন এবাদুল হক। প্রধান বক্তা ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ।
বিশেষ বক্তা ছিলেন:
বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এমএ মান্নান, গোলাপগঞ্জ বিএনপির সহসভাপতি আশফাক আহমদ চৌধুরী, ছাত্রদল নেতা শাহান আহমদ, তানজিম আহমদ, জায়দুল ইসলাম শিপু, যুবদল নেতা খালেদ আহমদ ও এমরান আহমদ প্রমুখ।
এছাড়াও তিলপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন।