banglahour

জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি নির্বাচনে অংশ নেবে এবং বিজয়ী হবে: শামসুজ্জামান দুদু

রাজনীতি | রিফাত রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১ বছর আগে) ৮ আগস্ট ২০২৫, শুক্রবার, ৯:৫২ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নিয়ে বিজয় অর্জন করবে বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, শুধু নির্বাচনের তারিখ ঘোষণাই নয়, আমরা চাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি নির্বাচনে অংশ নেবে এবং বিজয়ী হবে।

শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৫টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পরিষদ মঞ্চে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম কাউনাইনের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলামের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শামসুজ্জামান দুদু বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের স্পষ্ট বার্তা। সেই ইতিহাস আমাদের নতুন প্রেরণা জোগায়—গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান লড়াইয়ে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে আছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ব্যাংকের টাকা কোথায় পাচার করেছেন বারবার বলতেন, ‘মুজিব কন্যা পালাইনা’, কিন্তু বাংলাদেশবাসী দেখেছে, তিনি কীভাবে ভারত পালিয়ে গেছেন। ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ ছাড়া আর কেউ পাত্তা পাবে না। এবার সরকার গঠন হবে ধানের শীষের—যারা কৃষকের ন্যায্যমূল্য, শ্রমিকের ন্যায্য মজুরি এবং কর্মসংস্থান নিশ্চিত করবে।”

এ সময় তিনি দলের শহীদ নেতাকর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, তাদের আত্মত্যাগের ঋণ শোধের একমাত্র উপায় হচ্ছে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম, উপজেলা নেতা বোরহান উদ্দিন, আনিসুর রহমান, নাসির উদ্দিন, মাগরিবুর রহমানসহ পৌর ও উপজেলার ১৫টি ইউনিয়নের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল