banglahour

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা প্রকৌশলী শ্যামল আগামী নির্বাচনে ঈমানী দায়িত্ব পালনের আহ্বান

রাজনীতি | জহির রায়হান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

(১ বছর আগে) ৯ আগস্ট ২০২৫, শনিবার, ৯:২৯ অপরাহ্ন

বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার সংবিধান, প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগকে নিজেদের পক্ষে নিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। জনগণ যখন বিপক্ষে গেছে, তখন কোনো শক্তিই তাদের রক্ষা করতে পারেনি।

শনিবার সকালে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ২০১১ সালের উপ-নির্বাচন থেকে শুরু করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে তারা সাময়িক বিজয়ী হলেও চূড়ান্ত বিজয় হয়েছে জনগণের। জুলাই–আগস্টের আন্দোলন জনগণের বিজয়ের সাক্ষ্য দিয়েছে। আগামী নির্বাচনে আপনারা যার যার জায়গা থেকে সুষ্ঠু ভোটের জন্য ঈমানী দায়িত্ব পালন করবেন, কারো পক্ষে নয়। জাতির কাছে যেন আপনাদের বিবেক প্রশ্নবিদ্ধ না হয়—সে খেয়াল রাখবেন। প্রয়োজনে শিক্ষকদের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সহ-সভাপতি এ.বি.এম. মোমিনুল হক, মো. জসিম উদ্দিন রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আজম প্রমুখ।

এ ছাড়া বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোস্তফা দেলোয়ার, মো. আমিনুল ইসলাম আজাদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুসলেহ উদ্দিন, খালেদা আক্তার, সহকারী শিক্ষক ফরিদ উদ্দিন আহমেদ ও এম.এ. মোমেন, সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আশরাফ আহমেদ এবং সরকারি কর্মচারি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক কাজী হাফিজুল ইসলাম নাছু।

আলোচনা শেষে অবসরপ্রাপ্ত ৪১ জন শিক্ষকের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার তুলে দেন প্রধান অতিথি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল