
(৯ মাস আগে) ৯ আগস্ট ২০২৫, শনিবার, ৯:৫৭ অপরাহ্ন
বক্স অফিসে ঝড় তোলা ‘সাইয়ারা’ জুটি আহান পাণ্ডে ও অনীত পাড্ডা এবার বাস্তব জীবনের প্রেমের গুঞ্জনে আলোচনায়। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, তারা আহানের মায়ের সঙ্গে একটি অভিজাত বুটিকে সময় কাটাচ্ছেন।
‘সাইয়ারা’ মুক্তির পর থেকেই দর্শকদের মন জয় করেছে এই জুটির রোমান্টিক রসায়ন। ছবিটি ইতিমধ্যেই ৫০০ কোটির বেশি আয় করে চলতি বছরের ব্লকবাস্টার তালিকায় জায়গা করে নিয়েছে, আর চ্যালেঞ্জ ছুঁড়েছে ‘ছাবা’-এর ৬০১ কোটির রেকর্ডকে। আহান ও অনীতার অভিনয় প্রশংসা কুড়িয়েছে বলিউড সুপারস্টার আমির খানের কাছ থেকেও।
ভিডিওতে দেখা যায়, বুটিক থেকে বের হওয়ার সময় আহান অনীতার হাত ধরতে গেলে, অনীতা লজ্জায় হাত সরিয়ে নেন এবং আহানের মায়ের সঙ্গে হাঁটা শুরু করেন। এই মিষ্টি মুহূর্ত এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।
তারকা জুটির প্রেমের গুঞ্জন বলিউডে নতুন নয়—ঐশ্বরিয়া-অভিষেক, রণবীর-দীপিকা, সিদ্ধার্থ-কিয়ারা—সবার পথ ধরেই কি এবার এগোচ্ছেন আহান-অনীতা? উত্তর সময়ই দেবে, তবে অনুরাগীরা ইতিমধ্যেই এই ‘লাজুক প্রেম’-এ মজে গেছেন।