
(১১ মাস আগে) ১০ আগস্ট ২০২৫, রবিবার, ১:৫৮ অপরাহ্ন
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামীকাল সোমবার (১১ আগস্ট) তিন দিনের দ্বিপক্ষীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফরে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) এবং তিনটি এক্সচেঞ্জ নোট সই হওয়ার কথা রয়েছে।
আগামীকাল দুপুরে ঢাকা ত্যাগ করে রাতে কুয়ালালামপুর পৌঁছাবেন ড. ইউনূস। তাঁর সঙ্গে সফরে যোগ দেবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
সম্ভাব্য সমঝোতা স্মারকগুলো
১. প্রতিরক্ষাবিষয়ক সহযোগিতা
২. জ্বালানি খাতে সহযোগিতা (এলএনজি ও পেট্রোলিয়াম সরবরাহ ও অবকাঠামো)
৩. বিআইআইএসএস ও মালয়েশিয়ার আইএসআইএস-এর মধ্যে সহযোগিতা
৪. বিএমসিসিআই ও মিমোস (চিপ নির্মাণ প্রতিষ্ঠান) এর মধ্যে সহযোগিতা
৫. এফবিসিসিআই ও মালয়েশিয়ার ব্যবসায়িক চেম্বারের মধ্যে সহযোগিতা
সম্ভাব্য এক্সচেঞ্জ নোটগুলো
১. হালাল ইকোসিস্টেমে সহযোগিতা
২. দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা
৩. উচ্চ শিক্ষা খাতে সহযোগিতা
মঙ্গলবারের কর্মসূচি
সকালে পুত্রজায়ায় দুই সরকারপ্রধানের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে। বৈঠক শেষে সমঝোতা স্মারক ও এক্সচেঞ্জ নোট সই এবং যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। পরে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার সরকারপ্রধানের সৌজন্যে মধ্যাহ্নভোজে যোগ দেবেন। বিকেলে ব্যবসায়িক সেমিনার, শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। রাতে নৈশভোজে যোগ দেবেন দেশটির মন্ত্রী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে।
বুধবারের কর্মসূচি
ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া থেকে সম্মানসূচক ডক্টরেট গ্রহণ ও বিশেষ সমাবর্তনে বক্তৃতা দেবেন ড. ইউনূস। এরপর শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক ও স্থানীয় গণমাধ্যমে সাক্ষাৎকার শেষে সন্ধ্যায় ঢাকা ফিরবেন।
সফরের গুরুত্ব
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার এ সফরে শ্রমবাজারে বাংলাদেশিদের সমস্যার সমাধান ও নতুন শ্রমিক পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। এছাড়া মালয়েশিয়ার বিনিয়োগ বৃদ্ধি, আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও আলোচনা হবে।