
(১ বছর আগে) ১৩ আগস্ট ২০২৫, বুধবার, ৯:২৩ অপরাহ্ন
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত ৩১ দফা রূপরেখা বিষয়ক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি আয়োজন করছে ‘খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন’।
আগামী শনিবার (১৬ আগস্ট) উপজেলার ১০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশ নেবে বলে জানানো হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার আল আশরাফ মামুন বুধবার (১৩ আগস্ট) পাকুন্দিয়া ডাকবাংলো মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
তিনি বলেন, ৩১ দফা বাংলাদেশের বিচার, আইন, প্রশাসন ও নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠান, কৃষি, শিল্প, বাণিজ্য, শিক্ষা, প্রযুক্তি ও যুব উন্নয়নসহ সামাজিক ও রাষ্ট্রীয় উপাদানগুলোর সংস্কারের জন্য প্রণীত হয়েছে। এই বিষয় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সমসাময়িক প্রেক্ষাপটে বাস্তবায়ন বিষয়ক ধারণা দেওয়ার জন্য পরীক্ষার বিষয় নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, সেরা ১০ শিক্ষার্থী এককালীন শিক্ষাবৃত্তি পাবেন এবং সকল অংশগ্রহণকারীর জন্য শিক্ষা সামগ্রী প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।