
(১ বছর আগে) ১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৭:০৪ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়; সকলেই রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান মর্যাদার অধিকারী। তিনি বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু বানিয়ে নাগরিক অধিকার হরণকারীরাই মূলত রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করেছে। ইসলামের ছায়াতলে সকল মানুষ নিরাপদ এবং নির্বিঘ্নে ধর্ম পালনের সুযোগ পাচ্ছে। ইসলাম জোরপূর্বক কারো উপর কিছু চাপিয়ে দেয় না; বরং এতে কঠোর শাস্তির বিধান রয়েছে।
তিনি নতুন বাংলাদেশ ও মানবিক বাংলাদেশ গড়তে দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।
বৃহস্পতিবার সকাল ৭টায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১০নং ভান্ডারপাড়া ইউনিয়ন হিন্দু কমিটির উদ্যোগে বান্দা স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হিন্দু সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
ইউনিয়ন সভাপতি ডা. নিত্যরঞ্জন রায়-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অর্ধেন্দু মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্যা, ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন, নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল।
অন্যান্য বক্তব্য রাখেন বান্দা কলেজের অধ্যক্ষ সৌমেন মন্ডল, গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রকাশ চন্দ্র মজুমদার, এডভোকেট বিপুল মন্ডল, মাওলানা কামরুজ্জামান, মাওলানা আসাদুজ্জামান, খুলনা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি বেলাল হোসেন রিয়াদ, মাওলানা আইয়ুব আলী, অধ্যাপক রমেশ চন্দ্র, অধ্যাপক গৌতম রায়, দিপংকর ঢালী, প্রীতিশ মন্ডল, দূর্বাদল বিশ্বাস, সঞ্জয় বৈরাগী প্রমুখ।